পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর বংশালে একটি মুদি দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজিম গাজী (২৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) রাতে এ ঘটনাটি ঘটে।
গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১২টার দিকে মৃত ঘোষণা করেন। নাজিম গাজীর গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার বাঘড়াবাজার সাবদী গ্রামে।
হাসপাতালে নিয়ে আসা উদ্ধারকারী সোহেল গাজী জানিয়েছেন, মৃত নাজিম গাজীর বংশাল মালিটোলা ৯নং মসজিদ গলিতে তাদের নিজেদের বিসমিল্লাহ ট্রেডার্স নামে একটি মুদি দোকান রয়েছে। রাতে দোকান বন্ধ করার আগে মালামাল গোছানোর সময় নাজিম গাজী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে যান। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন।
সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।


