পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কাঠফাটা রোদ আর ভ্যাপসা গরমের মাঝে শীতলতার পরশ বুলিয়ে গেলো বৈশাখের ঝড়ো বৃষ্টি। শুক্রবার বেলা সোয়া ৩টার দিকে দমকা হওয়াসহ ঝড়-বৃষ্টি শুরু হয়।
হঠাৎ বৃষ্টিতে গরম থেকে স্বস্তি মিললেও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে ছুটির দিনে ঈদের কেনাকাটা করতে বের হওয়া মানুষদের।
শুক্রবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।


