পাথেয় রিপোর্ট : রাজধানীর খিলগাঁও এলাকার রেললাইনের পাশের কামারপট্টি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৪ এপ্রিল) রাত ৩টা ১৫ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৬ টি ইউনিট।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজ রিবেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রেললাইনের দুই পাশের বস্তি ও কাঁচাবাজারে এই অগ্নিকাণ্ড ঘটেছে। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
খিলগাঁও ফায়ার স্টেশনের ফায়ারম্যান মাহবুব ইসলাম জানান, ফায়ার সার্ভিসের ১৬ টি ইউনিট সেখানে কাজ করছে। ফায়ার সার্ভিস সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষ আগুন নেভাতে সহায়তা করছে। ইতিমধ্যে কয়েকটি দোকান পুড়ে গেছে।
এর আগে বুধবার রাত ৯টার দিকে রাজধানীর তোপখানা রোডে ট্রপিক্যাল টাওয়ারে আগুন লাগার ঘটনা ঘটেছে।


