পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজবাড়ীর বানিবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ মিয়াকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত ১২টার দিকে তাকে গুলি করা হয়। শুক্রবার (১২ নভেম্বর) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ধারণা করা হচ্ছে চলমান ইউনিয়ন পরিষদের নির্বাচন সংক্রান্ত প্রতিদ্বন্দ্বিতার জেরে তাকে হত্যা করা হয়েছে।
আব্দুল লতিফ মিয়া বানিবহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। চলমান ইউপি নির্বাচনের আসন্ন চতুর্থ ধাপে আগামী ১৬ ডিসেম্বরে তিনি ছিলেন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী। সে অনুযায়ী কাজ করে যাচ্ছিলেন। গতকালও নির্বাচনী কাজে ব্যস্ত সময় পার করার পর রাত ১২টায় বাড়িতে ফেরেন। তার কিছুক্ষণ পরেই তাকে গুলি করা হয়।
রাতের অন্ধকারে কে বা কারা গুলি করেছে, তা জানা যায়নি। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। রওয়ানা হওয়ার পর পথেই মারা যান আব্দুল লতিফ মিয়া।


