নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়ায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে আমিনুল ইসলাম (৩৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কের বেলপুকুর বিজিবি চেকপোস্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমিনুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সদরের হুমায়ুন কবীরের ছেলে। রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। এরা সবাই দুর্ঘটনা কবলিত বাসটির যাত্রী ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে রুপা এন্টারপ্রাইজের যাত্রীবাহী ওই বাসটি (ঢাকা মেট্রো গ-১১-১৩৪৯) ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো। রাজশাহী-ঢাকা মহাসড়কের বেলপুকুর বিজিবি চেকপোস্টের সামনে বাসটির সামনের চাকা ফেটে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে উল্টে যায়। এতেই এ হতাহতের ঘটনা ঘটে।
রাজশাহীর পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে দমকল কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়। এছাড়া দুর্ঘটনাকবলিত বাসটিও উদ্ধার করে পুলিশ। পরে এ নিয়ে মামলা হয়েছে থানায়।
এ দিকে, রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, হাসপাতালে নেয়ার পথে আমিনুল ইসলাম নামের এক বাসযাত্রী মারা গেছেন। রাতেই তার মরদেহ হাসপাতাল মর্গে নেয়া হয়। আইনী প্রক্রিয়া শেষে সোমবার বিকেলে মরদেহ নিয়ে গেছেন স্বজনরা।
এছাড়া হাসপাতালে ভর্তি রয়েছেন দুর্ঘটনায় আহত আরও ৮ জন। তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন।


