রাজ্য জমিয়ত ভবন পরিদর্শন অভিভূত দেওবন্দ মুহতামিম

রাজ্য জমিয়ত ভবন পরিদর্শন অভিভূত দেওবন্দ মুহতামিম

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতে পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামা হিন্দ রাজ্য জমিয়তের প্রধান কার্যালয় জমিয়ত ভবন পরিদর্শন করেছেন ভারতে ঐতিহাসিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নুমানী।

২২ মার্চ শুক্রবার রাত ন’টায় পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামা হিন্দের কার্যালয়ও এসে পৌঁছান দেওবন্দ মুহতামিম। তিনি এ দিন বাঁকড়া, বিরাটিস্থিত জমিয়তে উলামা হিন্দের ভবনের নবনির্মিত তিনতলা কার্যালয় ঘুরে দেখেন। রাজ্য জমিয়তের সচিবালয়, সভাপতির দফতর, অভ্যর্থনা কক্ষ, অতিথিনিবাস, রাবেতায়ে ইসলামিয়া অফিস, মহাফেজ খানা, মাহকামায়ে শরয়ীহ অফিস, তাহাফফুজে খতমে নবুওয়াত অফিস, মাওলানা সৈয়দ আসআদ মাদানী হল, রাউন্ড টেবিল মিটিং রুম, মাওলানা মুহাম্মদ তাহির কুতুবখানা ও গবেষণাগার পরিদর্শন করে নিজের অভিব্যক্তির কথা জানান মুফতি আবুল কাসেম নুমানী। তিনি বলেন, এক বছর আগে জমিয়ত ভবনের ভিত্তি নির্মাণ করে গিয়েছিলাম। তাই মনে চাইছিল কলকাতায় এসে একবার জমিয়ত ভবন ঘুরে যেতে। হঠাৎ এই আগমন।

ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী ও জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী প্রশংসা করে দেওবন্দ মুহতামিম বলেন, চৌধুরী সাহেব দক্ষতার পরিচয় দিয়ে নিপুণতার সঙ্গে যেভাবে অতি দ্রুত জমিয়তের ভবন নিমার্ণ কাজ আনজাম দিয়েছেন, তা প্রশংসনীয়।

জমিয়ত ভবনে দারুল উলূম দেওবন্দের উপাচার্য মুফতি আবুল কাসিম নোমানী জামাতের সাথে নামায আদায় করেন। মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী দেওবন্দ মুহতামিমকে প্রস্তাব দেন যে, দারুল উলুম দেওবন্দের সর্বভারতীয় রাবেতা বোর্ড চাইলে পূর্ব ভারতের ৬-৭টি রাজ্যকে নিয়ে শিক্ষক প্রশিক্ষণ, ছাত্রদের পঠন-পাঠন, ইসলামবিরোধী বিভিন্ন ফিতনার মোকাবিলার পন্থা নিয়ে জমিয়ত ভবনে বিশেষ অধিবেশন আহ্বান করতে পারেন। তাঁর এই প্রস্তাব শুনে হযরত দারুল উলুম দেওবন্দ মুহতামিম নিজের সন্তুষ্টি প্রকাশ করেন।

ভারতে ডেইলি পুবের কলম সূত্রে জানা যায়, মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সূতিকাগার দারুল উলূম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নুমানী জমিয়ত ভবন পরিদর্শনে আসায় আমরা অত্যন্ত আনন্দিত। আমরা তাঁকে প্রস্তাব দিয়েছি, দারুল উলূম দেওবন্দ যদি জোনের অধিবেশন কলকাতার জমিয়তের ভবনে করতে আগ্রহী হয়, তাহলে তা বাস্তবায়ন করার জন্য রাজ্য জমিয়ত কমিটি সর্বোতভাবে সহযোগিতা করতে প্রস্তুত আছে।

গ্রন্থনা : আদিল মাহমুদ
সম্পাদনা : মাসউদুল কাদির
সূত্র : পুবের কলম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *