পাথেয় টোয়েন্টিফোর ডটকম : এই ফেব্রুয়ারি মাসে বৃষ্টির সম্ভাবনার কথা মাসের শুরুতে দেওয়া বার্তায় জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। সিলেট ও ময়মনসিংহ বিভাগের কয়েকটি জায়গায় এরই মধ্যে দুই দিন বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজও সিলেটে সামান্য বৃষ্টির সম্ভাবনা আছে। আর আজ রাতে তাপমাত্রাও সামান্য কমার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর আজ শুক্রবার দেওয়া বার্তায় বলেছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় ভারতের পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আজ সকাল নয়টায় দেওয়া আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে সিলেট বিভাগের দু–এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
দেশে প্রতিদিন বাড়ছে তাপমাত্রা। তবে তা অসহনীয় হয়ে ওঠেনি এখনো। মাঝেমধ্যে দক্ষিণের বাতাস শীতল স্পর্শ বুলিয়ে দেয় বরং।
গত ২৪ ঘণ্টায় দেশের বেশির ভাগ স্থানে তাপমাত্রা বেড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ। তিনি বলেন, এখন তাপমাত্রা প্রতিদিন ওঠানামা করবে। এ সময়টায় এমনই হয়। তবে তাপমাত্রা বেড়ে যাওয়ার প্রবণতা অব্যাহত থাকবে।
গত ২৪ ঘণ্টায় সিলেটে সামান্য বৃষ্টি হয়েছে। আজও সেখানে সামান্য পরিমাণ বৃষ্টি হতে পারে বলে জানান আবহাওয়াবিদ আবদুল হামিদ। তবে তিনি বলেন, এরপর আগামী দুই দিন কোথাও বৃষ্টির সম্ভাবনা খুব কম। রাজধানীতেও বৃষ্টির সম্ভাবনা নেই।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দিনাজপুরে, ১৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা গতকালের তুলনায় বেড়েছে। গতকাল ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। আজ সেটা বেড়ে হয়েছে ২৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে, ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।


