রাত পোহালেই ফরিদপুরে আল্লামা মাসঊদের ইসলাহী ইজতেমা
পাথেয় রিপোর্ট : রাত পোহালেই বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, সাইয়্যিদ মাওলানা আসআদ মাদানী রহ.-এর খলীফা, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের আহ্বানে ফরিদপুর ভাঙ্গায় দারুল উলূম মাদানীনগর মাদরাসায় ইসলাহী ইজতেমা শুরু হবে। সাধারণ মানুষের মধ্যে দ্বীনের বার্তা ছড়িয়ে দেয়ার লক্ষ্যে আগামি ২০, ২১ ও ২২ অক্টোবর ২০১৯ রোব, সোম ও মঙ্গলবার তিন দিনব্যাপী আত্মশুদ্ধিমূলক এক সম্মেলন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ জমিয়তুল উলামা ফরিদপুর জেলা শাখা আয়োজিত এ আত্মশুদ্ধিমূলক সম্মেলন ২০ অক্টোবর রোববার সকাল থেকেই শুরু হবে। এতে সামগ্রিকভাবে মানুষ গঠনমূলক যাবতীয় আমল হবে বলে জানা গেছে।
দারুল উলূম মাদানীনগর মাদরাসা ভাঙ্গার মুহতামিম ও ইসলাহী ইজতেমা আয়োজন কমিটির প্রধান মাওলানা আহমাদ মাসরুর আহমদ পাথেয় টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০ অক্টোবর রোববার থেকেই শুরু হচ্ছে ফরিদপুর ভাঙ্গায় তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা। এই ইজতেমায় দেশের শীর্ষ আলেম উলামাসহ বরেণ্য অসংখ্য আলেম উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, ফরিদপুরে শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দামাত বারাকাতুহুমকে আমরা স্বাগত জানাই। তিন দিনব্যাপী আমরা জিকির আজকারে মগ্ন থাকতে চাই। দেশের কল্যাণে আমাদের এই আমল যেনো কাজে লাগে। আল্লাহর কাছে এটাই আমাদের প্রার্থনা।
এদিকে বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব মাওলানা আবদুর রহিম কাসেমী পাথেয় টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের নেতৃত্বে আমরা ফরিদপুৃর যাচ্ছি। ইনশাআল্লাহ সেখানে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা হবে। এ অনুষ্ঠান আমরা সারা দেশেই করতে চাই। সে তালিকাও প্রস্তুত করা হয়েছে। ইতোমধ্যে আমরা খুলনা, নোয়াখালী, ফেনী ও ময়মনসিংহে করেছি। ফরিদপুর ভাঙ্গায় আপনারা আসুন। আমরা কিছুটা সময় আত্মশুদ্ধির জন্য কাটাই।
কী কী থাকছে এই আয়োজনে জানতে চাইলে মাওলানা আহমাদ মাসরুর জানান, বাদ ফজর সূরায়ে ইয়াসিন ও ৬ তাসবীহের আমল, ইশরাক, নয়টা থেকে দশটা পর্যন্ত তালীম, দশটা থেকে বারটা পর্যন্ত শিক্ষা বিষয়ক পরামর্শ। বাদ জোহর খতমে খাজেগান, তারপর আম বয়ান, সুধি সম্মেলন, বাদ মাগরিব সূরায়ে ওয়াকিয়া পাঠ, ৬ তাসবীহের আমল, ইসলাহী বয়ান ও বাইয়াত, উলামা মাশায়েখ সম্মেলন, বাদ ইশা দরূদ ও সালাম, আম বয়ান ও প্রশ্নোত্তর পর্ব।
রাত তিনটায় তাহাজ্জুদের আমল, ১২ তাসবীহের আমলসহ আরও অসংখ্য আমল দিয়ে সাজানো হয়েছে এই তিনদিনের ইসলাহী ইজতেমার আয়োজন।


