রানা প্লাজা দুর্ঘটনা দ্রুত বিচার শেষের দাবি

রানা প্লাজা দুর্ঘটনা দ্রুত বিচার শেষের দাবি

নিজস্ব প্রতিবেদক ● সাভারে রানা প্লাজা দুর্ঘটনায় শ্রমিক হতাহতের ঘটনায় দায়ের করা মামলার বিচারকাজ দ্রুত শেষ করার দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। রোববার রাজধানীতে আয়োজিত এক মানববন্ধন থেকে চার বছর আগের ওই মামলার বিচার শেষ করা নিয়ে সরকারের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তোলা হয়। ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসে সেখানে থাকা পাঁচটি তৈরি পোশাক কারখানার শ্রমিকসহ ১১০০ জনের বেশি প্রাণ হারায়। ধ্বংসস্তুপের নিচে পড়ে গুরুতরভাবে আহত ও পঙ্গু হওয়ার পাশাপাশি নিখোঁজ হন অনেকেই। জাতীয় প্রেসক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চ আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন মঞ্চের সমন্বয়কারী আবুল হোসাইন। এতে বক্তব্য রাখেন শ্রমিক নেতা তপন সাহা, বাহরানে সুলতান বাহার, আবদুল ওয়াহেদ, শফিকুল ইসলাম ও শহীদ্ল্লুাহ বাদল।

তপন সাহা বলেন, দুর্ঘটনার চার বছর পার হলেও সরকার এখন পর্যন্ত দোষী ব্যক্তিদের শাস্তির ব্যবস্থা করতে পারেনি। সরকার বহু বছর আগের যুদ্ধাপরাধীদের বিচার করতে পেরেছে। কিন্ত রানাপ্লাজা দুর্ঘটনার বিচার শেষ করতে পারেনি। ধীর গতিতে বিচার চলছে বলেও অভিযোগ করেন তপন সাহা। ওই ঘটনায় ৪১ জনের নামে চার্জশিট দেওয়া হলেও তার মধ্যে সোহেল রানাসহ মাত্র তিনজন আটক আছে। বাকিরা জামিন নিয়ে বাইরে আছে। সরকার আন্তরিক উদ্যোগ নিলে বিচার প্রক্রিয়া অনেক আগেই শেষ হতো। রানাসহ দোষীদের দ্রুত শাস্তির ব্যবস্থা, ২৪ এপ্রিলকে শ্রমিক শোক দিবস ঘোষণা এবং তৈরি পোশাক খাতসহ সব শ্রমিকের জন্য নিরাপদ কর্মস্থল দাবি করেন বক্তারা। রানা প্লাজা দুর্ঘটনার পর ভবন ধসে প্রাণহানির ঘটনায় হত্যার অভিযোগে একটি, ইমারত বিধি না মেনে রানা প্লাজা নির্মাণের অভিযোগে একটি এবং দুদকের পক্ষ থেকে ভবন নির্মাণে দুর্নীতির অভিযোগে আরেকটি মামলা করা হয়। এরমধ্যে ভবন ধসের ঘটনায় হত্যাসহ বিভিন্ন অভিযোগে ভবন মালিক সোহেল রানাসহ ৪১ আসামির বিরুদ্ধে ঢাকার জেলা দায়রা জজ আদালতে গত বছরের ১৮ জুলাই থেকে বিচারকাজ শুরু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *