রামপুরায় শিক্ষার্থীদের সাইকেল র‌্যালি

রামপুরায় শিক্ষার্থীদের সাইকেল র‌্যালি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চলমান নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে সাইকেল র‌্যালি করেছেন শিক্ষার্থীরা। শুরুতে পুলিশ রামপুরা ব্রিজ এলাকায় সাইকেলে র‌্যালিতে বাধা দিলেও শিক্ষার্থীদরা তা উপেক্ষা করার ঘোষণা দিলে ছেড়ে দেয়।

শিক্ষার্থীরা জানান, নিরাপদ সড়কের দাবিতে ঘোষিত আন্দোলন কর্মসূচির অন্যতম সাইকেল র‌্যালি। নটরডেম কলেজের সামনে র‌্যালিটি শেষ হয়।

বুধবার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রামপুরা ব্রিজ এলাকায় জড়ো হয় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন চালিয়ে আসা শিক্ষার্থীদের একাংশ। রাস্তার পশ্চিম প্রান্ত থেকে সাইকেল নিয়ে রাস্তার পূর্ব পাশে আসার সময় প্রথমে বাধা দেয় পুলিশ।

সেখানে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি পালনের ব্যাপারে অনড় থাকে। এ সময় অনুমতি ছাড়া র‌্যালি করা যাবে না মর্মে বাধার পক্ষে সাফাই গাইতে থাকেন পুলিশ সদস্যরা।

ঘটনার সময় উপস্থিত রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, সড়কে এমন কর্মসূচি পালন করতে হলে অনুমতি নিতে হবে। তোমাদের নিরাপত্তার বিষয়টিও আমাদের দেখতে হবে।

বাকবিতণ্ডার মধ্যেই পরে শিক্ষার্থীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে বলেন, আপনারা যদি আমাদের শান্তিপূর্ণ সাইকেল র‌্যালিতে বাধা দেন, তাহলে আমরা উল্টো পথে সাইকেল র‌্যালি করতে বাধ্য হব। পরে ঊর্ধ্বতনদের অনুমতিক্রমে ছেড়ে দেওয়া হয় শিক্ষার্থীদের।

পরে রামপুরা পুলিশ বক্সের সামনে থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা সাইকেল র‌্যালি নিয়ে রামপুরা টিভি সেন্টারের সামনে নটরডেম কলেজের দিকে রওনা দেয়। এ সময় সাইকেল র‌্যালিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের সাইকেলের সামনে বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত বিভিন্ন প্লাকার্ড লক্ষ্য করা যায়।

তাদের প্লাকার্ডে লেখা ছিল, চালকের জন্য তিন ঘণ্টা কর্মবিরতি নিশ্চিত করতে হবে, চালকদের কাউন্সেলিং নিশ্চিত করতে হবে, চালকদের নিয়োগ ও পরিচয়পত্র নিশ্চিত করতে হবে, চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করতে হবে, এক রুটে এক বাস চালু করতে হবে, সড়কে শিক্ষার্থীদের বাসে হাফ পাস নিশ্চিত করতে হবে।

পরে ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, কয়েকটি বাইসাইকেলে ১০ থেকে ১৫ জনেরের মত শিক্ষার্থী ছিলেন। তবে তারা রামপুরায় কোনো পূর্ব কর্মসূচি ঘোষণা করেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *