পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা সংক্রমণে কারো মৃত্যু হয়নি।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনার উপসর্গ নিয়ে আটজন মারা গেছেন। এদের মধ্যে পাঁচজন পুরুষ এবং তিনজন নারী রয়েছেন। গেল ২৪ ঘণ্টায় হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) মৃত্যু হয়েছে পাঁচজনের। এ ছাড়া ১৭ নম্বর ওয়ার্ডে দুজন এবং ৩ নম্বর ওয়ার্ডে একজন মারা গেছেন।
এদিকে ১৯২ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে সোমবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৮৪ জন। বর্তমানে রাজশাহীর ৩৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৬ জন, নাটোরের ১১ জন, নওগাঁর পাঁচজন, পাবনার ১২ জন, কুষ্টিয়ার চারজন এবং মেহেরপুরের একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।
হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১২ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৫১ জন। এই একদিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৭ জন।
এর আগে, সোমবার রামেক হাসপাতাল ল্যাবে ৬৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে তিনজনের। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ৩৭৫ জনের। এর মধ্যে ১০ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার অনুপাতে রাজশাহীর ২ শতাংশ, নাটোরের ১ দশমিক ৩৩ শতাংশ, জয়পুরহাটের ২ দশমিক ৭৮ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জের ১০ দশমিক ৮৭ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।


