পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় পাঁচজন, করোনা উপসর্গে তিনজন এবং করোনা নেগেটিভ হয়েও একজনের মৃত্যু হয়েছে।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত ৫১৩ শয্যার রামেক হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন ২৫৪ জন। একদিন আগেও এই সংখ্যা ছিল ২৬১।
একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ৭১৭ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৮১ জনের। পরীক্ষার অনুপাতে রাজশাহীর ১৫ দশমিক ৩ শতাংশ, নাটোরের ১৩ দশমিক ৮৮ শতাংশ, নওগাঁর ৮ দশমিক ৮৬ শতাংশ, জয়পুরহাটের ১০ দশমিক ৯৪ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জের ১৩ দশমিক ৯৫ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।
এর আগে গত বছরের এপ্রিল থেকে এই বছরের জুলাই পর্যন্ত রামেক হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৩৯ জন রোগী। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন ২ হাজার ৫১১ জন। এই ১৫ মাসে মারা গেছেন ১ হাজার ৬০৯ জন। এর মধ্যে করোনায় মৃত্যু হয়েছে ৫২৬ জনের। অন্যদের মৃত্যু হয়েছে উপসর্গ নয়তো অন্যান্য শারীরিক জটিলতায়।


