পাথেয় টোয়েন্টিফোর ডটকম: ইউক্রেনে চলমান যুদ্ধের মধ্যে সামরিক বাহিনীতে বড় রদবদল করেছে রাশিয়া। কৃষ্ণসাগরে রাশিয়ার নৌবহরে বারবার ইউক্রেনের সফল হামলার কারণে দেশটির নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নিকোলাই ইয়েভমেনভকে বরখাস্ত করে তার স্থলে অ্যাডমিরাল আলেকজান্ডার মোইসিয়েভকে ভারপ্রাপ্ত নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। খবর আলজাজিরার।
এর আগে গত মাসে কৃষ্ণ সাগরে ইউক্রেনীয় আক্রমণে রাশিয়ান নৌবাহিনীর ক্রমবর্ধমান ক্ষতির মধ্যে অ্যাডমিরাল নিকোলাই ইয়েভমেনভকে সরিয়ে অ্যাডমিরাল আলেকজান্ডার মোইসিয়েভকে তার স্থলাভিষিক্ত করার বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছিল ক্রেমলিন।
সর্বশেষ এই রদবদলের আগে অ্যাডমিরাল মোইসিয়েভ রাশিয়ার উত্তরাঞ্চলীয় নৌবহরের নেতৃত্বে ছিলেন।
রাশিয়ার নৌবাহিনীর প্রধান হিসেবে অ্যাডমিরাল নিকোলাই ইয়েভমেনভকে প্রায় পাঁচ বছর আগে নিয়োগ দেওয়া হয়েছিল। গত বছর অ্যারোস্পেস ফোর্সের প্রধান সের্গেই সুরোভিকিনকে বরখাস্ত করার পর ইয়েভমেনভকে পদ থেকে অপসারণ রাশিয়ার শীর্ষ সামরিক পদে সবচেয়ে বড় রদবদল।
রাশিয়ার উত্তরাঞ্চলীয় নৌবহরের সাবেক কমান্ডার মোইসিয়েভ মঙ্গলবার একটি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার নতুন ভূমিকায় নিযুক্ত হন বলে জানিয়েছে সংবাদ সংস্থা আরআইএ নভোস্তি।
৬১ বছর বয়সী অ্যাডমিরাল আলেকজান্ডার মোইসিয়েভ কালিনিনগ্রাদে জন্মগ্রহণ করেন। তিনি পশ্চিম রাশিয়ান এই ভূখণ্ডের একটি ফিল্ম কলেজ থেকে স্নাতক ডিগ্রি নেন।
কিন্তু কর্মজীবনে তিনি নৌবাহিনীতে প্রবেশ করেন এবং ২৯ বছরেরও বেশি সময় ধরে পারমাণবিক সাবমেরিনে কাজ করেছেন।


