পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যুদ্ধবিধ্বস্ত ও নিষেধাজ্ঞায় জর্জরিত আফগানিস্তানের উন্নয়নে রাশিয়া, পাকিস্তান ও ইরানের সঙ্গে বিনিয়োগ কনসোর্টিয়াম স্থাপনের পথে হাঁটছে তালেবান সরকার। এ ব্যাপারে এরইমধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছেন দেশটির ভারপ্রাপ্ত বাণিজ্যমন্ত্রী। খবর রয়টার্স।
বাণিজ্যমন্ত্রী নুরুদ্দিন আজিজি বুধবার বলেন, খনি ও বিদ্যুৎ প্রকল্পের পাশাপাশি কনসোর্টিয়াম আফগানিস্তানের উত্তরকে দেশের বাকি অংশের সঙ্গে সংযুক্ত করে সালং পাসের মাধ্যমে একটি দ্বিতীয় টানেল নির্মাণ, উত্তর পাঞ্জশির প্রদেশ থেকে রাজধানীতে পানি সরবরাহ, কাবুল থেকে পশ্চিম হেরাত প্রদেশের সঙ্গে সংযোগকারী প্রধান হাইওয়ে পুনঃনির্মাণ ইত্যাদি প্রকল্পের সম্ভাবনা খতিয়ে দেখবে।
এই কনসোর্টিয়ামে ১৪ জন আফগান ব্যবসায়ী অন্তর্ভুক্ত রয়েছেন। সমঝোতা স্মারক অনুযায়ী বিদেশি কোম্পানিগুলো তাদের বিনিয়োগ সম্ভাবনা দেখতে কাবুলে প্রতিনিধি পাঠাবে।
২০২১ সালে আগস্টে তালেবানরা ক্ষমতা গ্রহণের পর থেকে আফগানিস্তানের অর্থনীতি মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় দেশটির উন্নয়ন তহবিল বাতিল করে দেয় এবং তাদের ব্যাংকিং খাতে নিষেধাজ্ঞা আরোপ করে। এতে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হয়। পাশাপাশি বিদেশি লক্ষ্যবস্তুতে দায়েশের ধারাবাহিক আক্রমণও বিনিয়োগকারীদের উদ্বিগ্ন করেছে।
এসব বিষয়ে আজিজি বলেন, আফগান প্রশাসন কনসোর্টিয়াম এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ বেশ কয়েকটি দীর্ঘমেয়াদী ব্যবসায়িক পরিকল্পনা চালু করার দিকে মনোযোগ দিয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করছে। মন্ত্রিসভার বৈঠকেও নিরাপত্তা নিয়ে অনেক আলোচনা হয়েছে। এ বিষয়ে কমিশন গঠন করা হয়েছে এবং জঙ্গিদের লুকিয়ে থাকা জায়গাগুলো ধ্বংস করা হয়েছে।
আফগান বাণিজ্যমন্ত্রী বলেন, ইসলামী আমিরাত বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করবে এবং নিরাপত্তার ক্ষেত্রে বেসরকারি খাতকেও সমর্থন করবে। এ সময় বিদেশি সামরিক ঘাঁটিগুলোকে ইকোনোমিক জোনে রূপান্তর করার পরিকল্পনার ব্যাপারেও কথা বলেন তিনি।
আজিজি বলেন, আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত বছর রাশিয়ার তেল, গ্যাস ও গমের চালান আফগানিস্তানে প্রবেশ করেছে। তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু জানাননি।


