পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পদত্যাগের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সভাপতির রাহুল গান্ধী। লোকসভা নির্বাচনে পরাজয়ের পর গত ২৫ মে রাহুল গান্ধী কংগ্রেসের সভাপতির পদ থেকে সরে দাঁড়ানো কথা বলেছিলেন। সে সময় দল তাঁকে সরে যেতে দেয়নি। এবার তিনি চিঠি দিয়ে পদত্যাগের কথা জানিয়েছেন কংগ্রেস নেতৃত্বকে।
‘পদত্যাগপত্র দিয়েছি। আমি আর কংগ্রেসের সভাপতির পদে নেই। নতুন সভাপতি নির্বাচনের প্রক্রিয়াতেও থাকব না’—কংগ্রেস থেকে এভাবেই পদত্যাগের কথা সাংবাদিকদের জানালেন রাহুল গান্ধী। এনডিটিভি বলছে, কংগ্রেস সূত্রগুলো রাহুল গান্ধীর পদত্যাগপত্র গৃহীত হওয়ার আভাস দিয়েছে।
বহু চেষ্টা করেও রাহুল গান্ধীর সিদ্ধান্ত বদলাতে পারেননি কংগ্রেসের নেতা-কর্মীরা।
পদত্যাগের চিঠিতে রাহুল গান্ধী বলেন, ‘কংগ্রেসের হয়ে কাজ করা সম্মানের। দলীয় মূল্যবোধ ও আদর্শ আমাদের সুন্দর জাতিগঠনের জীবনীশক্তি হিসেবে কাজ করেছে। আমি এই দেশ ও আমার দলের কাছে ঋণী। সেই সঙ্গে থাকছে অসীম কৃতজ্ঞতা ও ভালোবাসা।’
পদত্যাগের ঘোষণা দিয়ে রাহুল গান্ধী টুইটারে দেয়া এক পোস্টে লিখেছেন: ‘কংগ্রেসের প্রতিনিধিত্ব করা আমার জন্য সম্মানের। কিন্তু আমি আর কংগ্রেসের সভাপতির পদে থাকছি না। আগামী এক সপ্তাহের মধ্যে কংগ্রেসের সভাপতির পদে নতুন মুখে পছন্দ করা হবে।’
অন্যদিকে তার টুইটার অ্যাকাউন্টের ব্যক্তিগত তথ্যের ক্ষেত্রে কংগ্রেসের সভাপতির পদটি মুছে ফেলে সেখানে কংগ্রেস সদস্য ও সংসদ সদস্য লেখা হয়েছে।
তবে দলের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রাহুলের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে অনেকেই নিশ্চিত করেছেন। তাই রাহুল আর দলের সভাপতির পদে ফিরছেন না এটা মোটামুটি নিশ্চিত।
গত লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী নিজে কংগ্রেসের দূর্গ বলে পরিচিত আমেথিতে প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির কাছে হেরে যান। এরপরেই তিনি কংগ্রেসের খারাপ ফলের দায় নিয়ে গত ২৫ মে কংগ্রেসের সভাপতি পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।
নিজের পদে নতুন কাউকে বসাতে তার বিকল্প খুঁজে বের করতে ঘোষণা দিয়েছিলেন তিনি।
এর আগে পদত্যাগের ঘোষণা দেয়ার পর থেকে তার মা সোনিয়া গান্ধী ও বোন প্রিয়াঙ্কা গান্ধী রাহুলের সিদ্ধান্তে সম্মতি জানালেও পদত্যাগের ব্যাপারে তার অবস্থান পরিবর্তনের চেষ্টা করেছেন। তবে তারাও স্বীকার করেছিলেন যে, কংগ্রেসের নেতৃত্বে পরিবর্তন আনতে হবে।
প্রসঙ্গত, ২০১৭ সালের ডিসেম্বর থেকে রাহুল গান্ধী কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।


