রিজার্ভ সংকট, গাড়ি আমদানিতে নিষেধাজ্ঞা দিল ভুটান

রিজার্ভ সংকট, গাড়ি আমদানিতে নিষেধাজ্ঞা দিল ভুটান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :

ক্রমহ্রাসমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাঁচাতে জরুরী সেবা প্রদানকারী যানবাহন, এক্সেভেটর ও বুলডোজারের মতো ভারী শিল্পায়ন যান এবং কৃষি যন্ত্রপাতি বাদে সবধরণের যানবহন আমদানি নিষিদ্ধ করেছে ভুটান।

দেশটির সরকার এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দিয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

করোনাভাইরাস মহামারী মোকাবেলায় ভুটানে জিরো কোভিড নীতির কারণে গত দুই বছর ধরে বিদেশি পর্যটকের আনাগোনা নেই। এর মধ্যে ইউক্রেইন যুদ্ধ বিশ্বজুড়ে যে সঙ্কট তৈরি করেছে, তার আঁচও লেগেছে দক্ষিণ এশিয়ার দেশটিতে।

ভৌগোলিকভাবে চীন ও ভারতের মাঝখানে অবস্থিত ৮ লাখেরও কম জনসংখ্যার এই ছোট্ট সুন্দর দেশটি এখন তেল ও শস্যের মূল্যবৃদ্ধির প্রভাব কাটিয়ে উঠার চেষ্টা করছে।

ভুটানের রয়্যাল মনিটারি অথরিটির গত মাসের তথ্য অনুযায়ী, দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০২১ সালের ডিসেম্বরের শেষে ৯৭ কোটি ৬০ লাখ ডলারে নেমে এসেছিল, ওই বছরের এপ্রিলে যা ছিল ১৪৬ কোটি ডলার।

ভুটানের অর্থ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বলেছে, ১৫ লাখ গুলট্রামের (২০ হাজার ডলার) চেয়ে কম দামের ইউটিলিটি যানবহন আমদানির অনুমতি দেওয়া হবে এবং সেগুলো পর্যটনের কাজে ব্যবহার ও পর্যটনের উন্নয়নে ছাড় দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য পর্যাপ্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিশ্চিত করতে এই স্থগিতাদেশ কার্যকর করা হয়েছে।

ভুটানের স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, ভুটান এ বছরের জুন পর্যন্ত ৮ হাজারের বেশি যানবাহন আমদানি করেছে, যা রিজার্ভ হ্রাসের প্রধান কারণগুলোর মধ্যে একটি। আর দেশটির সংবিধান অনুযায়ী অন্তত ১২ মাস আমদানি ব্যয় মেটানো সম্ভব সেই পরিমাণ রিজার্ভ রাখার বাধ্যবাধকতা রয়েছে।

শুক্রবার থেকে কার্যকর হতে যাওয়া আমদানি নিষেধাজ্ঞা ছয়মাস পর রিজার্ভের অবস্থা বিবেচনায় পর্যালোচনা ও সংশোধন করা হবে বলে দেশটির অর্থ মন্ত্রণালয় জানিয়েছে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *