পাথেয় রিপোর্ট : বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহামেদ চৌধুরীকে জেব্রাক্রসিং এ চাপা দেওয়ার ঘটনায় গ্রেফতার সু-প্রভাত পরিবহনের বাসটির মালিক ননী গোপালের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তিন দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক কাজী শরিফুল ইসলাম। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বাকি বিল্লাহ তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর মুগদা থেকে ননী গোপালকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে ঢাকার অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল বাতেন বিষয়টি নিশ্চিত করে জানান, মুগদার একটি বাসা থেকে সুপ্রভাত বাসটির মালিক গোপালকে গ্রেফতার করা হয়েছে।


