রোহিঙ্গা ক্যাম্পে জর্ডানের রানী

রোহিঙ্গা ক্যাম্পে জর্ডানের রানী

নিজস্ব প্রতিবেদক ● মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর চালানো পাশবিকতায় বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা দেখতে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পৌঁছেছেন জর্ডানের রানী রানিয়া আল আব্দুল্লাহ। সোমবার বেলা ১১টায় তাকে বহনকারী বিমান কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে। এরপর তার গাড়ি বহর রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্য রওনা দিয়ে বেলা সাড়ে ১২টায় ক্যাম্পে পৌঁছে বলে জানান উখিয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. কায় কিসলু।

তার আগমন উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। ফলে কক্সবাজার-টেকনাফ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। একই অবস্থা মেরিন ড্রাইভ সড়কেও।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানিয়েছেন, জর্ডানের রানীর কক্সবাজার আগমন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, বিজিবির পাশাপাশি সাদা পোষাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

রানী রানিয়া আল আব্দুল্লাহ কুতুপালং ক্যাম্পে পৌঁছে আশ্রয় নেয়া মিয়ানমারের রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুদের অবস্থা পর্যবেক্ষণ এবং তাদের সাথে কথা বলছেন। এছাড়াও সেখানে জাতিসংঘের একাধিক সংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ত্রাণ কার্যক্রম পরিদর্শন করছেন। এখান থেকে তিনি ইনানীর তারকা হোটেল রয়েল টিউলিপ সী পার্ল-এ যাবেন জর্ডানের রানী।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন, পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেনসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তা এবং রাণীর সফরসঙ্গীরা তার সাথে রোহিঙ্গা ক্যাম্পে রয়েছেন। উল্লেখ্য, জর্ডানের রানি রানিয়া আবদুল্লাহ ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির (আইআরসি) একজন বোর্ড সদস্য। একইসঙ্গে তিনি জাতিসংঘের মানবিক সংস্থাগুলোর পরামর্শক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *