রোহিঙ্গা শিবিরে ছুরিকাঘাতে হত্যা

রোহিঙ্গা শিবিরে ছুরিকাঘাতে হত্যা

পাথেয় রিপোর্ট : কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শরণার্থী শিবিরে ছুরিকাঘাতে এক রোহিঙ্গা নিহত হয়েছেন বলে জানা যায়। অবৈধ লেনদেনের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। নিহত ব্যক্তি ক্যাম্পটির নিরাপত্তা কর্মীর দায়িত্বে ছিলেন।

জানা যায়, নিহত ব্যক্তির নাম মোহাম্মদ জয়নাল (২২)। তিনি হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে। রোহিঙ্গা শরণার্থী শিবিরের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

২৭ জানুযারি রোববার রাত ১০টার দিকে শরণার্থী শিবিরে ছুরিকাঘাতে জয়নাল নিহত হন বলে জানা গেছে। ইয়াবা নিয়ে বিরোধের জেরে তার হত্যাকাণ্ড হতে পারে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

জানা গেছে, ক্যাম্পের এইচ ব্লকের আব্দুল হাকিমের দোকানের সামনে মোহাম্মদ হাসান নামের এক রোহিঙ্গার নেতৃত্বে ১০/১৫ জনের একটি দল মোহাম্মদ জয়নালকে একা পেয়ে ঘিরে ফেলে। এরপর জয়নালকে আটকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ফেলে রেখে তারা চলে যায়। তাকে উদ্ধার করে ক্যাম্পের স্বাস্থ্য কেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এখনো হত্যাকাণ্ডের কারণ নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *