পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর বনশ্রীতে তেলের লরির ধাক্কায় আবু নাসের (৩৮) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বনশ্রীর ফরাজী হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, আবু নাসের চিটাগাং বুল নামের একটি হোটেলে ম্যানেজার হিসেবে চাকরি করতেন। শুক্রবার সকাল ৬টার দিকে তিনি মোটরসাইকেলে ফরাজী হাসপাতালের সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি তেলের লরি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আবু নাসের সাভারের আমিনবাজারের মানিকনগর এলাকায় থাকতেন। তিনি নোয়াখালীর সোনাইমুড়ীর আবু তাহেরের ছেলে।
রামপুরা থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় লরিচালক নুরুল ইসলাম (৪০) ও তার সহকারী ইমরান হোসেনকে (২২) আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে লরিটি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


