লিটনকে হত্যার দায় স্বীকার করেছেন কাদের : পুলিশ

লিটনকে হত্যার দায় স্বীকার করেছেন কাদের : পুলিশ

গাইবান্ধা প্রতিনিধি ● সাংসদ মনজুরুল ইসলাম লিটনকে হত্যার দায় স্বীকার করেছেন সাবেক সাংসদ ও জাতীয় পার্টির নেতা আবদুল কাদের খান। পুলিশের রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বশির আহমেদ শনিবার রাতে এ কথা জানান। তিনি আশা প্রকাশ করেন, ১৫ দিনের মধ্যে এই মামলার অভিযোগপত্র দেওয়া সম্ভব হবে।

বশির আহমেদ গাইবান্ধার আদালত চত্বরে অনির্ধারিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন। এর আগে সাংসদ হত্যা মামলায় ওই আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন কাদের খান।

বশির আহমেদ বলেন, আদালতে কাদের খান জবানবন্দিতে কী বলেছেন তা তাঁরা জানেন না। এটা বিচারিক বিষয়। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে কাদের খান সাংসদ লিটনকে হত্যার দায় স্বীকার করেছেন। তিনি পুলিশকে বলেছেন, ক্ষমতার লোভে তিনি এ কাজ করেছেন। বিভিন্ন প্রলোভন দেখিয়ে তিনি কাজটা করিয়েছেন। এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘১৫ দিনের মধ্যে এই মামলার অভিযোগপত্র আমরা দিতে পারব বলে আশা করছি।’
ওই মামলায় জবানবন্দি রেকর্ড করার জন্য কাদের খানকে শনিবার বিকেল তিনটার দিকে গাইবান্ধার বিচারিক হাকিম জয়নাল আবেদিনের আদালতে হাজির করা হয়। ছয় ঘণ্টারও বেশি সময় ধরে তাঁর জবানবন্দি রেকর্ড করা হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত বুধবার দুপুরে আবদুল কাদের খানকে সাংসদ হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নেয় পুলিশ। গত ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জে নিজ বাসায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন আওয়ামী লীগের সাংসদ মনজুরুল ইসলাম।

patheo24/mr

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *