পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দরপতনে দেশেও প্রতি লিটারে সয়াবিন তেলের দাম কমেছে। বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারের দাম ১০ টাকা কমে ১৭৯ টাকা ও খোলা তেল ৮ টাকা কমিয়ে ১৫৯ টাকা করা হয়েছে।
মঙ্গলবার (১১ জুলাই) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার থেকে সয়াবিন তেলের এ নতুন মূল্য কার্যকর হবে।
এক বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের আমদানি মূল্য হ্রাস পাওয়ায় বাণিজ্য মন্ত্রণালয় ও ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনার আলোকে দাম কমানো হলো। নতুন দর অনুযায়ী, ৪৩ টাকা কমে ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ দাম হবে ৮৭৩ টাকা, যা এতোদিন ৯১৬ টাকা ছিল।
এদিকে, সয়াবিন তেলের পাশাপাশি কমেছে পাম তেলের দামও। পাঁচ টালা কমিয়ে খোলা পাম তেলের নতুন দাম হবে প্রতি লিটার ১২৮ টাকা, যা এতোদিন ১৩৩ টাকা নির্ধারিত ছিল। অন্যদিকে, ১২ টাকা কমিয়ে বোতলজাত পাম তেল এখন থেকে ১৪৮ টাকায় বিক্রি হবে।
এর আগে, পবিত্র ঈদ-উল-আজহাকে সামনে রেখে গত ১১ জুন লিটারপ্রতি সয়াবিন তেলের দাম ১০ টাকা কমিয়ে ১৮৯ টাকা করে কর্তৃপক্ষ।


