লিবিয়ার আরও তিনটি গণকবরের সন্ধান মিলেছে

লিবিয়ার আরও তিনটি গণকবরের সন্ধান মিলেছে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : লিবিয়ার রাজধানী ত্রিপোলির দক্ষিণে তারহুনা শহরে আরও তিনটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। গতকাল রোববার লিবিয়া কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে। নিখোঁজ ব্যক্তিদের সনাক্তকরণের দায়িত্বে থাকা জেনারেল অথরিটি এক বিবৃতিতে জানিয়েছে, তারহুনা শহরের আবদালি হাইওয়ের কাছে তারা তিনটি গণকবরের সন্ধান পেয়েছেন।

বিস্তারিত বিবরণ না দিলেও কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার (৮ নভেম্বর) থেকে সেখানে থাকা মরদেহগুলো উত্তোলন শুরু হবে। গত বছরের জুন থেকে এ পর্যন্ত তারহুনার বিভিন্ন এলাকায় ৮৩টি গণকবরের খোঁজ পেয়েছে লিবিয়ান কর্তৃপক্ষ। এসব গণকবর থেকে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে দুই শতাধিক মরদেহ।

জানা গেছে, তারহুনা ছিল যুদ্ধবাজ খলিফা হাফতারের শক্ত ঘাঁটি। গতবছর সরকারি বাহিনী ত্রিপোলি থেকে হাফতারের বাহিনীকে সরিয়ে দেয়। এ বছরের মার্চ মাসে লিবিয়া কর্তৃপক্ষ জানায়, তাদের কাছে লিবিয়ার বিভিন্ন শহরে তিন হাজার ৬৫০ জন নিখোঁজ ব্যক্তির তালিকা রয়েছে, যার মধ্যে তারহুনারই ৩৫০ জন নিখোঁজ রয়েছেন।

লিবিয়ার সরকারি সূত্রগুলো বলছে, হাফতারের বাহিনী এবং তাদের সহযোগী মিলিশিয়ারা এপ্রিল ২০১৯ থেকে জুন ২০২০ এর মধ্যে যুদ্ধাপরাধ ও গণহত্যা চালিয়েছে। আগামী কিছুদিনের মধ্যে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জনগণের প্রত্যাশা, নির্বাচনের মধ্য দিয়ে কয়েক বছরের গৃহযুদ্ধের অবসান ঘটবে।

উল্লেখ্য, ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত এবং হত্যা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *