লিবিয়া থেকে নিরাপদে দেশে ফিরলেন ১১৪ বাংলাদেশি

লিবিয়া থেকে নিরাপদে দেশে ফিরলেন ১১৪ বাংলাদেশি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : লিবিয়ার ৫৫ নম্বর ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের মধ্য থেকে ১১৪ জনকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ‘আইওএম’-এর সহায়তায় দেশে পাঠিয়েছে বাংলাদেশ দূতাবাস। ’আইওএম’-এর ভাড়া করা লিবিয়ার বুরাক এয়ারের ফ্লাইটে বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এর আগে গতকাল বিকালে লিবিয়ার মেতিগা বিমানবন্দর হতে ফ্লাইটটি রওনা হয় বলে জানায় দূতাবাস।

লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান মেতিগা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রত্যাবর্তনকারীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের বিদায় জানান। এ সময় তিনি ফ্লাইটটি যথাসময়ে পরিচালনা করার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার জন্য লিবিয়ার অভিবাসন অধিদফতর ও মেতিগা বিমানবন্দরসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ এবং আইওএমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, দূতাবাসের পক্ষ থেকে লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের পর এ সব বাংলাদেশিকে আগে ডিটেনশন সেন্টার হতে মুক্ত করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় ত্রিপোলিতে স্থানান্তর করা হয়। দূতাবাসের তত্ত্বাবধানে তাদের ‘আইওএম’-এর সহযোগিতায় ত্রিপোলির কয়েকটি হোটেলে থাকাখাওয়ার ব্যবস্থা করা হয় এবং চিকিৎসা সেবাসহ প্রয়োজনীয় ওষুধপত্র সরবরাহ করা হয়। একইসঙ্গে দেশে প্রত্যাবাসনের জন্য ‘আইওএম’-এর কাছে পর্যায়ক্রমে তাদের রেজিস্টেশন সম্পন্ন করা হয়।

এছাড়াও দূতাবাসের পক্ষ থেকে লিবিয়ার ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের সঙ্গে বৈঠক করে তাদের বহির্গমন ভিসার জন্য প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা হয়।

এই অবস্থায় অবশিষ্ট নাগরিকদের দ্রুত সময়ের মধ্যে দেশে প্রত্যাবাসন করা সম্ভব হবে বলে আশা করছে বাংলাদেশের লিবিয়া দূতাবাস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *