পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হুশিয়ার করে বলেছেন, শত্রুদের সর্বোচ্চ চাপের মোকাবেলায় ইরানি জাতি তাদের বুকে মুষ্ট্যাঘাত করবে এবং তারা পিছু হটতে বাধ্য হবে।
তিনি স্থানীয় সময় শনিবার (২৭ জুন) ইরানের বিচার বিভাগের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে অংশ নিয়ে এ কথা বলেন।
যুক্তরাষ্ট্রের বিষয়ে সর্বদা সতর্ক থাকার আহ্বান জানিয়ে রাষ্ট্রীয় কর্মকর্তাদের উদ্দেশে খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের শত্রুতা ও ব্রিটেনসহ ইউরোপীয় সরকারগুলোর নানা পদক্ষেপ মোকাবেলার পাশাপাশি সব ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। সবাই যদি নিজের দায়িত্ব পালন করেন, তা হলে তারা কিছুই করতে পারবে না।
এ সময় তিনি দুর্নীতি দমনে বিচার বিভাগের নানা পদক্ষেপের প্রশংসা করেন এবং দুর্নীতিবিরোধী অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান।
তিনি দুর্নীতিকে করোনাভাইরাসের মতো বিপজ্জনক বলে অভিহিত করেন। বলেন, করোনাভাইরাস ও দুর্নীতির ভাইরাসের মধ্যে পার্থক্য হলো– হাত ধোয়ার মাধ্যমে করোনাভাইরাসকে দূর করা যায়, কিন্তু দুর্নীতির ভাইরাস মোকাবেলার জন্য দুর্নীতিবাজ ব্যক্তির হাতটিই কেটে ফেলতে হয়।
ইরানের সর্বোচ্চ নেতা করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান।
তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে বর্ণবাদের দিকে ইঙ্গিত করে বলেন, পাশ্চাত্যের সিনেমায় সেখানকার বাস্তব পরিস্থিতি তুলে ধরা হয় না। তারা সিনেমায় দেখায় সেখানে শতভাগ ন্যায়বিচার করা হচ্ছে। অথচ কিছু দিন আগেও এক কৃষ্ণাঙ্গ বর্ণবাদের শিকার হয়েছেন।
প্রসঙ্গত মার্কিন যুবক জর্জ ফ্লয়েড দেশটির শেতাঙ্গ পুলিশের হাতে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হন। তার ঘাড়ে হাঁটু চাপা দিয়ে নিঃশ্বাস বন্ধ করে হত্যা করা হয়।


