শনিবার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

শনিবার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

পাথেয় রিপোর্ট : আগামী শনিবার সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, বাড়তি সতর্কতার জন্য আমরা ঝুঁকি নিতে চাইনি। তাই ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন পেছানো হয়েছিল।

এবছর প্রথম দফায় সারা দেশে সোয়া দুই কোটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

আজ বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী এ তথ্য জানিয়েছেন।

জাহিদ মালেক বলেন, এই দিনে ৬ থেকে ১১ মাস বয়সী প্রায় ২৫ লাখ ২৭ হাজার শিশুকে নীল রঙের একটি করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আর ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৯৫ লাখ ৭ হাজার শিশুকে লাল রঙের একটি করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গত কয়েক দিন আগে ভিটামিন এ ক্যাপসুলে কিছুটা ত্রুটি দেখা দেয়। তবে আমরা শিশুদের জন্য কোনো ঝুঁকি নিতে চাইনি। ফলে সেই ক্যাপসুলগুলো আর ব্যবহার করিনি। তবে এবারের ভিটামিন ক্যাপসুলে আর কোনো সমস্যা নেই।

ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন দিবসে একটি শিশুও যেন বাদ না পড়ে সে জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

ছয় থেকে ১১ মাস বয়সী প্রায় ২৫ লাখ ৪৭ হাজার শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রায় এক কোটি ৯৫ লাখ সাত হাজার শিশুকে একটি করে লাল রঙের ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

ভিটামিন ‘এ’ এর অভাব পূরণে বছরে দুই বার শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।

গত ১৯ জানুয়ারি এবছরের প্রথম ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন হওয়ার কথা ছিল।

কিন্তু ভারতের একটি কোম্পানির সরবরাহ করা ক্যাপসুলে ‘সমস্যা’ থাকার বিষয়টি প্রকাশ পাওয়ার পর ‘অনিবার্য কারণ’ দেখিয়ে ক্যাম্পেইন স্থগিত করে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান।

পরে ভিটামিন ‘এ’ ক্যাপসুলে সমস্যার কথা স্বীকার করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। ভারতীয় কোম্পানিটিকে দায়ী করে তিনি তখন জানিয়েছিলেন, তাদের সরবরাহ করা লাল রঙের ক্যাপসুলে সমস্যা।

আগে বাতিল হওয়া ওষুধের মেয়াদ এ বছরের জুন পর্যন্ত হলেও সংবাদ সম্মেলনে স্বাস্থমন্ত্রী জাহিদ মালেক বলেন, “আমরা ঝুঁকি নিতে চাই না।”

ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিয়ে গতমাসের ওই ঘটনার তদন্ত প্রতিবেদনের বিষয়ে পরে সংবাদ সম্মেলন করে জানানো হবে বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তদন্তে কেউ দোষী হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন মন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *