পাথেয় রিপোর্ট : আগামী শনিবার (২৭ এপ্রিল) থেকে সম্মিলিত কওমি মাদরাসা সরকারি বোর্ড ‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’-এর অধীনে চলমান দাওরায়ে হাদিসের (তাকমিল) পরীক্ষা যথারীতি নিয়মে রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বাদ মাগরিব হাইআতুল উলয়ার জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে পাথেয় টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন কওমি মাদরাসাগুলোর নিয়ন্ত্রণাধীন কেন্দ্রীয় বোর্ড আল হাইয়াতুল উলইয়া লিল জামিআতিল কওমিয়ার কেন্দ্রীয় সদস্য ও বেফাকুল মাদারিসিদ্দীনিয়া বাংলাদেশ-এর মহাসচিব মুফতি মুহাম্মদ আলী।
তিনি জানান, জরুরি এ বৈঠকে আজকের স্থগিত হওয়া আবু দাউদ শরিফের পুনঃপরীক্ষা আগামী ১ মে বুধবার অনুষ্ঠিত হবে এবং শুক্রবারে (২৬ এপ্রিল) পরীক্ষা আগামী ২ মে বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত হয়েছে।
পরীক্ষা স্থগিত ও প্রশ্নফাঁসের ঘটনার প্রেক্ষিতে রাজধানীর সেগুনবাগিচায়বৃহস্পতিবার মাগরিবের পর জরুরি বৈঠক করে কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি ‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ এর শীর্ষ নেতৃবৃন্দ এ সিদ্ধান্ত নিয়েছেন।
সংস্থাটির কো-চেয়ারম্যান আল্লামা আশরাফ আলীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সদস্য মুফতি ওয়াক্কাস, মুফতি রুহুল আমিন, মাওলানা আবদুল কুদ্দুস, মুফতি মুহাম্মদ আলী, মাওলানা মুসলিহ উদ্দীন রাজু, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মুফতি ফয়জুল্লাহ, মুফতি এনামুল হক, মাওলানা আবদুল হামিদ, মাওলানা মাহফুজুল হক, মুফতি নুরুল আমিন প্রমুখ।
কে বা কারা প্রশ্নফাঁস করেছে এ বিষয়ে কোন ক্লু পেয়েছেন কিনা জানতে চাইলে মুফতি মুহাম্মদ আলী বলেন, এ বিষয়ে এখনো নিশ্চিতভাবে এখনো কোন ক্লু পাওয়া যায়নি। তবে কে বা কারা প্রশ্নফাঁস করেছে এবং প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত তাদেরকে খোঁজে বের করা হবে।
দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে বলেও জানান তিনি।
প্রশ্নফাঁসকারীদের প্রশাসনিক ব্যবস্থায় শাস্তির আওতায় আনা হবে? নাকি হাইআতুল উলয়ার কর্তৃপক্ষ নিজেরাই শাস্তির ব্যবস্থা করবেন এমন প্রশ্ন করলে মুফতি মুহাম্মদ আলী বলেন, এ বিষয়ে এখন বিস্তারিত কোন আলোচনা হয়নি।
প্রসঙ্গত, এর আগে প্রশ্নফাঁসের অভিযোগ ওঠায় সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষা বিষয়ক সংস্থা ‘আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ চলমান দাওরায়ে হাদীস (তাকমিল) পরীক্ষা বাতিল হওয়ার পর গত ২৩ এপ্রিল (মঙ্গলবার) থেকে পুনরায় পরীক্ষা শুরু হয়। ফের প্রশ্নফাঁসের অভিযোগ ওঠায় বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দাওরায়ে হাদীসের (তাকমিল) আবু দাউদ শরিফের পরীক্ষা স্থগিত করা হয়েছে।


