পাথেয় রিপোর্ট : একাদশ জাতীয় সংসদের ২১ রংপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হুসেইন মুহম্মদ এরশাদ শপথ গ্রহণ করেছেন। আজ রোববার সংসদ ভবনে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করান।
এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অসুস্থ এরশাদ সিএমএইচএস থেকে হুইল চেয়ারে করে সংসদ ভবনে যান। এসময় তার হাতে ক্যানুলা (স্যালাইন দেয়ার নল) ঢুকানো ছিল। শপথ শেষে আবার ওই হাসপাতালে যাওয়ার কথা রয়েছে সাবেক এ রাষ্ট্রপতির।
শপথ অনুষ্ঠানে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের এমপি, মহাসচিব মশিউর রহমান রাঙ্গা এমপি, কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন এমপি, মেজর (অব.) খালেদ এমপি, ফখরুল ইমাম এমপি, মো. রুস্তম আলী ফরাজী এমপি, পীর ফজলুর রহমান এমপি এবং ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ সময় হুসেইন মুহম্মদ এরশাদের নির্বাচনী এলাকার নেতৃবৃন্দ ও জাতীয় সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


