পাথেয় টোয়েন্টিফোর ডটকম: চলতি বছরের অক্টোবর মাসেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হবে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান। তিনি বলেছেন, দেশের সব বিমানবন্দর আধুনিকায়ন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরামের (এটিজেএফবি) নির্বাহী কমিটির সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।
বিমানমন্ত্রী বলেন, ‘নতুন রাডার স্থাপন করা হয়েছে।
ফলে দেশের সমগ্র আকাশসীমা নজরদারির আওতায় আসায় আমাদের আকাশসীমা দিয়ে চলাচলকারী উড়োজাহাজ থেকে রাজস্ব আয় বেড়েছে।’
মন্ত্রী বলেন, ‘শীতকালে প্রায়ই কুয়াশার কারণে ফ্লাইট ডাইভারশন করতে হয়। এই ডাইভারশন যাতে করতে না হয়, তার জন্য আইএলএস সিস্টেম আপগ্রেড করা হচ্ছে। এ ছাড়া আমরা এরই মধ্যে নির্দেশনা দিয়েছি যে কোনো ফ্লাইট ডাইভারশনের প্রয়োজন হলেও তা যেন দেশের ভেতরেই করা হয়।
এ জন্য শীতকালের ওই সময়ে সিলেট ও চট্টগ্রাম এয়ারপোর্ট ২৪ ঘণ্টা অপারেটিংয়ে থাকবে।’
ফারুক খান আরো বলেন, ‘প্রধানমন্ত্রীর ঐকান্তিক আগ্রহে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর নতুনভাবে গঠন করা হয়েছে। নতুন নতুন রুট চালু করা হয়েছে এবং আগামী ২৬ মার্চ ঢাকা-রোম ফ্লাইট চালু হবে। পরবর্তীকালে আরো নতুন রুট চালু করার জন্য নতুন এয়ারক্রাফট কেনার কথাও ভাবা হচ্ছে।
এখন আমরা নিজেদের উড়োজাহাজ দিয়েই হজ ফ্লাইট পরিচালনা করি।’
মন্ত্রী বলেন, ‘পর্যটন ও এভিয়েশন শিল্প বাংলাদেশের অর্থনীতিতে যে ভূমিকা রাখছে, তা যাতে আরো বাড়ে সে জন্য আমরা কাজ করছি। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করার ওপর গুরুত্ব দিচ্ছি। আমরা চাই, গণমাধ্যমের বন্ধুরা আমাদের অংশীজন হিসেবে দেশের পর্যটন ও এভিয়েশন শিল্পের সম্ভাবনাকে সুন্দরভাবে তুলে ধরুক। তাঁদের পেশাগত দাত্বি পালনে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
যেহেতু এই দুটি শিল্প টেকনিক্যাল, সে জন্য এখানে যাঁরা রিপোর্টিংয়ের দায়িত্ব পালন করেন, তাঁদের জন্য নিয়মিত প্রশিক্ষণ এবং ওয়ার্কশপের আয়োজন করা হবে। এর ফলে গণমাধ্যমকর্মীদের জন্য এই দুই শিল্পের টেকনিক্যাল বিষয়গুলো বুঝতে সহজ হবে এবং একই সঙ্গে এই শিল্পে কর্মরত জনবলের সঙ্গে তাঁদের সম্পর্ক গভীর হবে।’
বৈঠকে আরো উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহনের পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, যুগ্ম সচিব মো. সাঈদ কুতুব, এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরামের সভাপতি তানজিম আনোয়ার, সাধারণ সম্পাদক বাতেন বিপ্লবসহ নির্বাহী কমিটির সদস্যরা।


