পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আরও একটি ২৫০ কেজি ওজনের বোমা উদ্ধার করা হয়েছে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কনস্ট্রাকশন সাইটে চলমান পাইলিংয়ের সময় এই বোমা উদ্ধার হয়।
সোমবার (২৮ ডিসেম্বর) বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর প্রশিক্ষিত বোমা ডিসপোজাল দল অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে জেনারেল পারপাস (জিপি) বোমাটি উদ্ধার করে। পরে বোমাটি নিষ্ক্রিয় করার জন্য নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়।
শাহজালাল বিমানবন্দর থেকে আগে উদ্ধার করা করা বোমাগুলোর মতো এটিও ১৯৭১ মুক্তিযুদ্ধের সময় ভূমিতে নিক্ষেপ করা হয়েছিল।
এর আগে গত ৯ ডিসেম্বর আরও একটি আড়াইশ’ কেজি ওজনের বোমা ওই বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনাল থেকে উদ্ধার করা হয়। মাটি খোঁড়ার সময় আড়াইশ’ কেজি ওজনের এই সিলিন্ডার সদৃশ বোমাটি উদ্ধার করা হয়।
পরে উদ্ধার হওয়া বোমাটি নিষ্ক্রিয় করে বিমানবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট।
/এএ


