ফলে এই ছুটিকে ‘সাধারণ ছুটি’ মনে না করে শিক্ষার্থীদের ঘরে ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসক (ডিসি) এবং পুলিশ প্রশাসনকে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একইসঙ্গে কোচিং সেন্টার, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সতর্ক করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বুধবার (১৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, গত ১৬ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশের মাধ্যমে করোনাভাইরাস সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে ১৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত সকল ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টারগুলো বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছিল এবং শিক্ষার্থীরা যাতে বাসায় অবস্থান করে তা নিশ্চিত করতে অভিভাবকদের অনুরোধ করা হয়েছিল।
‘কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে, অনেক শিক্ষার্থী ও অভিভাবক এ ছুটিকে সাধারণ ছুটি হিসেবে গণ্য করে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। এমনকি অনেকে কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণেও যাচ্ছেন সপরিবারে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই আদেশে কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হলেও পত্র-পত্রিকার মাধ্যমে জানা যাচ্ছে কিছু কোচিং সেন্টার তাদের কোচিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ফলে আমাদের শিক্ষার্থী ও সারাদেশে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়ছে।
‘এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ পুনরায় চিঠি দেওয়া হয়েছে।’


