শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে রাজপথে ক্লাস

শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে রাজপথে ক্লাস

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে রাজশাহীর রাজপথে ‘প্রতীকী ক্লাস’ করেছেন শিক্ষার্থীরা। বুধবার (২৬ মে) বেলা সাড়ে ১১টা থেকে এক ঘণ্টা নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এই ব্যতিক্রমী ক্লাসের আয়োজন করা হয়।

রাজপথে পাঠের এই সমাবেশে ক্লাস নেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইফতেখারুল আলম মাসউদ। ক্লাসের বিষয়বস্তু ছিল ‘সমসাময়িক বাংলাদেশ ও শিক্ষা পরিস্থিতি’।

এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের [রাকসু] সাবেক ভিপি রাগিব আহসান মুন্না, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা, সাংবাদিক আমানুল্লাহ আমান, ছাত্রনেতা তামিম শিরাজী, আব্দুর রহমান নাবিল প্রমুখ।

ক্লাসে একজন শিক্ষার্থী দুই-এর ঘরের নামতা পড়েন ও শিশুকালের স্কুলের মতো উপস্থিত শিক্ষার্থীদেরও পড়ান। পরে মো. জাকারিয়া নামে একজন শিক্ষার্থী সেই নামতা রাবি অধ্যাপকের সামনে শোনান এবং ‘দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার প্রতিবাদ’ হিসেবে ভুল করে পড়েন।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ।

একই বিভাগের শিক্ষার্থী জান্নাতুল সাবিরার সঞ্চালনায় কর্মসূচিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহব্বত হোসেন মিলন, কুষ্টিয়ার ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌকি ওয়াসিফ, রাজশাহী নিউ গভমেন্ট ডিগ্রি কলেজের শিক্ষার্থী নাদিম সিনা, শিরোইল সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী মাসুদ রানাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইফতেখারুল আলম মাসউদ সমাবেশে বলেন, এভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা চরমভাবে বিষন্নতায় ভুগছে। এর প্রভাবে মানসিক পীড়া দিচ্ছে তাদেরকে। এ অবস্থার অবসান ঘটিয়ে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। সেক্ষেত্রে শিক্ষার আলো পেয়ে স্বাভাবিক অবস্থায় ফিরতে পারবে শিক্ষার্থীরা।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *