শিগগিরই খুলে দেয়া হবে শিক্ষাপ্রতিষ্ঠান : শিক্ষামন্ত্রী

শিগগিরই খুলে দেয়া হবে শিক্ষাপ্রতিষ্ঠান : শিক্ষামন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শিগগিরই দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মঙ্গলবার (২৪ আগস্ট) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপ-কমিটির আয়োজনে শোক দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন, শিক্ষার্থীদের শিক্ষাজীবন যেন ব্যাহত না করা হয়, আমরা যেন স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি অগ্রাধিকার দিয়ে কাজ করি। আমরা প্রধানমন্ত্রীর নির্দশনায় সেটাই করছি। তারা যেন পড়াশোনায় পিছিয়ে না পড়ে, এজন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছি।

তিনি বলেন, দেশে করোনা সংক্রমনের হার কমে আসছে। এটা আমাদের জন্য দারুন খবর। সংক্রমনের নিম্নগতি থাকলে শিগগিরই সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারবো। ধাপে ধাপে খুলবো। কারণ আমাদের শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সংখ্যা পৃথিবীর যে কোনো দেশের তুলনায় বেশি। কারণ এ অসুখে সামাজিক দূরত্ব বজায় রাখা গুরুত্বপূর্ণ।

দীপু মনি বলেন, সবাই শুরু থেকেই সপ্তাহে ছয়দিন হয়তো ক্লাস করার সুযোগ পাবে না। একটু সময় নিয়ে হবে সেটা। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জন্য আমাদের সার্বিক প্রস্তুতি আছে। শুধু অপেক্ষা সংক্রমণের হার আরেকটু নিচে নামার।

‘স্মরণে শ্রদ্ধায় ৭৫’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *