শিগগিরই ফরাসি প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন ম্যাক্রোঁ

শিগগিরই ফরাসি প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন ম্যাক্রোঁ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আগামী কয়েক দিনের মধ্যে ফরাসি প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বৃহস্পতিবার ( ৫ ডিসেম্বর) জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন। বুধবার ফরাসি প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের পদত্যাগ করার পর জাতির উদ্দেশে ভাষণ দেন ম্যাক্রোঁ। এ সময় নিজের পদত্যাগের আহ্বান প্রত্যাখ্যান করেন ফরাসি প্রেসিডেন্ট।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এসব খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দেন ফ্রান্সের প্রেসিডেন্ট। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ম্যাক্রোঁ জানান,কয়েক দিনের মধ্যে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন।

কারণ তার দেশ রাজনৈতিকভাবে অচল হয়ে থাকতে পারে না।

এর আগে প্রধানমন্ত্রী হওয়ার তিন মাস পরে বুধবার ( ৪ ডিসেম্বর) অনাস্থা ভোটে হেরে যাওয়ার পর মিশেল বার্নিয়ে পদত্যাগ করেন।

তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, দেশটির সামাজিক নিরাপত্তা বাজেট নিয়ে বিশেষ ক্ষমতা প্রয়োগ করেছিলেন বার্নিয়ে। বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক অচলাবস্থা চলছিল ফ্রান্সে। দেশের পরবর্তী জাতীয় বাজেট পাস করানো নিয়ে অচলাবস্থা আরও বাড়ে। একপর্যায়ে বিরোধীদলীয় আইনপ্রণেতারা বার্নিয়ের সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তোলেন।

টেলিভিশেনে দেয়া ১০ মিনিটের ভাষণ শেষে বিদায়ী প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের সঙ্গে বৈঠকের একটি ছবি সামাজিকমাধ্যমে শেয়ার করেন ম্যাক্রোঁ। সেখানে তিনি নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন করার জন্য বার্নিয়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এ সময় নিজের পদত্যাগের আহ্বান প্রত্যাখ্যান করেন ম্যাক্রোঁ। জানান ৫ বছরের জন্য তাকে যে ম্যান্ডেট দেয়া হয়েছে তা শেষ না হওয়া পর্যন্ত তিনি প্রেসিডেন্ট থাকবেন। ২০২৭ সালের মে মাস পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ আছে ম্যাক্রোঁর।

Related Articles