শিমুলিয়া-কাঠালবাড়ি নৌ-রুটে তৃতীয় দিনও বন্ধ ফেরি চলাচল

শিমুলিয়া-কাঠালবাড়ি নৌ-রুটে তৃতীয় দিনও বন্ধ ফেরি চলাচল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ক্রমাগত তীব্র স্রোতের কারণে আজ নিয়ে তৃতীয় দিনের মত শিমুলিয়া-কাঠালবাড়ি নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুর থেকে এ নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

এর আগে শুক্রবার সকালে শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে আসা ২টি ফেরি পদ্মার তীব্র স্রোতে ভেসে গেলে একটি ফেরি ৬ ঘণ্টা পর এবং অন্যটি ১৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়।

গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি ৫ সে.মি. বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫৭ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পদ্মার তীব্র স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে ফেরিগুলো চলতে না পারায় শুক্রবার দুপুর থেকে এ নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। পদ্মায় অস্বাভাবিক পানি বৃদ্ধিতে প্লাবিত হয়েছে ঘাটের পন্টুনগুলো।

এদিকে কাঠালবাড়ি ঘাটে পণ্যবাহী পাঁচ শতাধিক ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে পদ্মায় দ্বিতীয় দফায় আবারও পানি বাড়তে শুরু করেছে। পানি বৃদ্ধি পেয়ে স্রোতের গতিবেগ তীব্র আকার ধারণ করেছে।

বিআইডব্লিউটিসির মেরিন কর্মকর্তা আহমদ আলী জানান, পদ্মা নদীতে বর্তমানে প্রচণ্ড স্রোতের কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *