শিমুলিয়া ৩ নম্বর ঘাটে ভাঙন, ফেরি চলাচল বন্ধ

শিমুলিয়া ৩ নম্বর ঘাটে ভাঙন, ফেরি চলাচল বন্ধ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিঘাট সংলগ্ন এলাকার পদ্মা নদীতে ফের ভাঙন দেখা দিয়েছে। এতে বন্ধ রয়েছে ৩ নম্বর রো রো ফেরিঘাট।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে নদী ভাঙন শুরু হলে এখন পর্যন্ত ফেরিঘাট সংলগ্ন এলাকার ১০ একর জায়গা, ৩টি বাড়ি ও পদ্মা রেস্টুরেন্ট নামের একটি প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়া হুমকিতে রয়েছে ৩নং রো রো ফেরি ঘাটও।

এদিকে শনিবার সকাল থেকেই ভাঙন রোধে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধে চেষ্টা করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

সকালে ঘাট এলাকা পরিদর্শন করে নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুল আলম সাংবাদিকদের জানান, এর আগেও ভাঙন দেখা দিয়েছিল, জিও ব্যাগ ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে ভাঙনের জায়গাটি ঘাটের সীমানার বাইরে। তবে ঘাট সংলগ্ন হওয়া ভাঙন ঠেকাতে ইতোমধ্যে ১০ হাজার জিও ব্যাগ ফেলার উদ্যোগ নেয়া হয়েছে। প্রয়োজনে জিও ব্যাগের পরিমাণ আরও বাড়ানো হবে। ঘাট সচল রাখতে সাধ্যমত চেষ্টা করা হচ্ছে।

শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির সহ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম জানান, এখনও রো রো ঘাটের কোনো ক্ষতি হয়নি। বিআইডব্লিউটিএ ভাঙন রোধে কাজ করছে।

তিনি আরও জানান, নাব্য সংকটের কারণে বন্ধ থাকার ৮ দিন পর শুক্রবার বিকেলে ৩টি ফেরি পরীক্ষামূলকভাবে কাঁঠালবাড়ির উদ্দেশ্যে ছেড়ে যায়। শনিবার সকালে ফেরি ক্যামেলিয়া কাঁঠালবাড়ির উদ্দেশ্যে ছেড়ে গেলে চ্যানেলে থাকা ড্রেজারের কারণে পুনরায় ফিরে আসে। ড্রেজার সরিয়ে বর্তমানে শুধু ছোট কে-টাইপ ফেরি দিয়ে যাত্রী যানবাহন পারাপার করা হচ্ছে।

বর্তমান ভাঙন দেখা দেয়ার স্থানটিতে ৩০টির অধিক পরিবার বসবাস করে। এর মধ্যে ৩টি বাড়ি বিলীন হয়েছে আর বাকি ঘরবাড়িও ভাঙন আতংকে রয়েছে। পরিবারগুলো তাদের ঘরবাড়ি সরিয়ে নেয়ার কাজ করছে।

উল্লেখ্য, গত জুলাই ও আগস্ট মাসে দুই দফা পদ্মার ভাঙনে শিমুলিয়া ৩ ও ৪নং ফেরিঘাট দুটির পল্টুনের অ্যাপ্রোচ সড়কসহ প্রায় সাড়ে ৭ একর জায়গা নদীগর্ভে বিলীন হয়ে যায়। পুনরায় তা সংস্কার করে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *