শুক্র ও শনিবার ছাড়া রাজধানীতে সভা-সমাবেশ নয় : কাদের

শুক্র ও শনিবার ছাড়া রাজধানীতে সভা-সমাবেশ নয় : কাদের

পাথেয় রিপোর্ট : শুক্র ও শনিবার ছাড়া রাজধানীতে সভা ও সমাবেশ এবং রাস্তায় র‌্যালি না করার বিষয়ে ডিটিসিএ’র বোর্ড সভায় নেয়া সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নগরীর যানজট ও মানুষের ভোগান্তি চিন্তা করে এ সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ দেন তিনি।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ-ডিটিসিএ’র কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে ওই সভার সিদ্ধান্ত সাংবাদিকদের জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নগরীর দখল হওয়া ফুটপাত উদ্ধার করে পথচারীদের ফিরিয়ে দেয়ার লক্ষ্যে সিটি কর্পোরেশনের উদ্যোগ কামনা করে আওয়ামী লীগের সাধারণ বলেন, মহানগরীতে যত্রতত্র গাড়ি পার্কিং নিয়ন্ত্রণ করতে হবে। নগরীর শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালগুলোর সামনে বা পাশে হর্ন বাজানো বন্ধে ট্রাফিক বিভাগ, পরিবহন মালিক, চালক এবং জনগণের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, মোটরসাইকেলে দু’জনের বেশি যাত্রী চলাচল করতে পারবে না এবং উভয়ের হেলমেট ব্যবহার বাধ্যতামূলক। এ সিদ্ধান্ত কঠোরভাবে কার্যকর করা জরুরি। ট্রাফিক আইন বিষয়ে ছাত্রজীবনে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়ের সহায়তায় পাঠ্যসূচিতে ট্রাফিক সংক্রান্ত নীতিমালা সংযুক্ত করার বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দেন।

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে নির্বাচনকে বিতর্কিত করতে বিএনপি এখন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্রের কাছে ধরনা দিচ্ছে। গণতান্ত্রিক বিশ্ব বিএনপির অপপ্রচারে বিভ্রান্ত নয়। তাই সারা দুনিয়া নতুন সরকারকে স্বীকৃতি দিয়েছে। তিনি বলেন, নির্বাচন নিয়ে জনগণের যেমন কোনো প্রতিক্রিয়া নেই, তেমনি বিদেশিদেরও কোনো অভিযোগ নেই।
তিনি বলেন, বিএনপি বিরোধী দল, তারা সংসদে গিয়ে গঠনমূলক সমালোচনা করবে। তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সংসদে যাওয়া উচিত। আশা করি, তারা নেতিবাচক রাজনীতি পরিহার করে সংসদে যোগ দেবে।

ঐক্যফ্রন্ট প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ঐক্যফ্রন্ট নেতাদের আচরণেই প্রমাণ হচ্ছে ঐক্যফ্রন্ট বেশি দিন টিকবে না। যদিও তারা বলছে, তাদের ঐক্য অটুট আছে। কিন্তু ভেতরে-ভেতরে ভাঙনের তাণ্ডব চলছে। স্থানীয় সরকার নির্বাচন শতভাগ নিরপেক্ষ হবে দাবি করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির স্থানীয় সরকার নির্বাচনে আসা উচিত। সভায় ডিটিসিএ’র নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ নবনিযুক্ত শিক্ষানবিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *