স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি যোগ দেয়ার পর থেকেই বার্সেলোনার চেহারা পাল্টে গেছে। তার অনন্য নৈপুণ্যে একের পর এক শিরোপা ঘরে তুলছে দলটি। প্রায় ১ দশক ধরে এ ধারা অব্যাহত আছে। এবার নিজ মুখে খুদে জাদুকরের কৃতিত্ব স্বীকার করলেন বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকে। জানালেন, শিরোপা জেতার জন্য আমরা সবাই শুধু মেসিকে অনুসরণ করি।
সদ্যই বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন করেছেন পিকে। নতুন চুক্তি অনুযায়ী, ২০২২ সাল পর্যন্ত ন্যু ক্যাম্পে থাকবেন তিনি। ক্যারিয়ারের প্রায় শুরু থেকেই মেসির সঙ্গে রয়েছেন এ স্প্যানিশ ডিফেন্ডার। বাকি সময়টাও তার সঙ্গে থাকছেন।
বার্সায় দীর্ঘ ক্যারিয়ারে ১৪ মৌসুমে ২৯টি শিরোপা জিতেছেন মেসি। এবার জেতার দৌড়ে রয়েছেন আরও তিনটি। দলকে তার এত শিরোপা এনে দেয়ার মূল রহস্য উন্মোচন করে পিকে বলেন, ‘ইতিহাসের সেরা খেলোয়াড় মেসি। বার্সার সেরা প্রজন্মেরও নেতা। তার শিরোপা জেতার তৃষ্ণা প্রকট। আমরা শুধু তাকে অনুসরণ করি।’
কাতালানদের রক্ষণভাগের অতন্দ্র এ প্রহরী বলেন, ‘আমাদের সব শিরোপা জয়ের মূলে যদি কেউ থাকেন; তিনি মেসি। আমরা তাকে কেবল সহায়তা করার চেষ্টা করি। কারণ শিরোপা জিততে তার ভালো দল দরকার।’
এবারের মৌসুমে বার্সার জয়রথ ছুটছেই। লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ১৯ পয়েন্ট এগিয়ে রয়েছে আরনেস্টো ভালভার্দের দল। চ্যাম্পিয়নস লিগ ও কোপা ডেল রে শিরোপা জেতার রেশেও রয়েছে দলটি।
চলতি মৌসুমে ফর্মের তুঙ্গে রয়েছেন মেসি। সব প্রতিযোগিতা মিলে ৩২ ম্যাচে করেছেন ২৭ গোল। এ ধারা অব্যাহত থাকলে নিশ্চিতভাবে তার হাতে এবার ব্যালন ডিঅর উঠছে।


