শূন্য কোটায় হজে যেতে নিবন্ধন করতে হবে

শূন্য কোটায় হজে যেতে নিবন্ধন করতে হবে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ৬৫ বছরের বেশি বয়সী কেউ এবার হজ করতে পারবেন না। ২০২০ সালে নিবন্ধিত ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তির পরিবারের একজন সদস্য শূন্য কোটায় হজে যেতে অগ্রাধিকার পাবেন। তবে তাদেরকে আগামী ১০ মে’র মধ্যে প্রাক-নিবন্ধন সম্পন্ন করে আবেদন করতে হবে বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। শনিবার (৭ মে) এক বিজ্ঞপ্তিতে ধর্মবিষয়ক মন্ত্রণালয় এ কথা জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হজযাত্রী ও হজসংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রাজকীয় সৌদি সরকারের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ১৪৪৩ হিজরি (২০২২ সাল) হজে ৬৫ বছরের (পাসপোর্ট অনুযায়ী যাদের জন্ম ১৯৫৭ সালের ১ জুলাই এবং এর পর) কম বয়সী ব্যক্তিই শুধু হজ পালনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।

ফলে ১৯৫৭ সালের ১ জুলাইয়ের আগে যাদের জন্ম তারা এ বছর হজে যেতে পারবেন না। তবে যেসব হজযাত্রী ২০২০ সালের হজে যাওয়ার জন্য নিবন্ধন করেছেন এবং বয়স এরই মধ্যে ৬৫ বছর অতিক্রম করছে, তার পরিবর্তে তার পরিবারের একজন সদস্য (৬৫ বছরের কম বয়সী) এ শূন্য কোটায় হজে যাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

এতে আরো বলা হয়, এমন শূন্য কোটায় হজে যেতে আগ্রহী ব্যক্তিকে বেসরকারি এজেন্সির ক্ষেত্রে নিজ নিজ এজেন্সির মাধ্যমে এবং সরকারি ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকারি ব্যবস্থাপনায় দ্রুত প্রাক-নিবন্ধন গ্রহণ করে আগামী ১০ মে’র মধ্যে প্রাক-নিবন্ধনের ট্র্যাকিং নম্বর এবং যার পরিবর্তে হজে যেতে চান তার ট্র্যাকিং নম্বর স্লিপসহ ঢাকার আশকোনায় হজ অফিসের পরিচালকের কাছে সরাসরি বা hajjofficeashkona@gmail.com ই-মেইলের মাধ্যমে লিখিতভাবে আবেদন করতে হবে। ওই সময়ের পর আর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৯ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। চলতি বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৮৫৬ জন হজে যেতে পারবেন বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। করোনা মহামারিকালে গত দুই বছর সৌদি আরবের নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ থেকে কেউ হজে যেতে পারেননি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *