শৃঙ্খলা আনতে যাকাত ব্যবস্থাপনায় নতুন আইন

শৃঙ্খলা আনতে যাকাত ব্যবস্থাপনায় নতুন আইন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সরকারিভাবে যাকাত সংগ্রহ ও বিতরণ করতে ‘যাকাত তহবিল ব্যবস্থাপনা আইন-২০২১’ নামে নতুন একটি আইন হচ্ছে। যাকাত ব্যবস্থাপনার এই আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দেয়া হয়েছে আজ মঙ্গলবার। সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এতে সায় দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, নতুন আইনে যাকাত বোর্ডের প্রধান করা হবে ধর্মমন্ত্রী বা প্রতিমন্ত্রীকে, এই বোর্ডে সদস্য থাকবেন আরো ১০ জন। ইসলামিক ফাউন্ডেশন বা ধর্ম মন্ত্রণালয় থেকে প্রতিটি জেলা ও উপজেলায় কমিটি করে দেয়া হবে।

এসব কমিটি যাকাত সংগ্রহ ও বিতরণ করবে জানিয়ে তিনি বলেন, কাদের যাকাত দেয়া হবে, তা ঠিক করবেন এই কমিটি। একটি অ্যাকাউন্ট থেকে অর্থ সংগ্রহ করবে তারা। তথ্য-প্রযুক্তি ব্যবহার করে যাকাত দানে উদ্বুদ্ধ করার পাশাপাশি বেশ কিছু বিষয়ের কথা উল্লেখ রয়েছে বিভিন্ন ধারায়।

আইনটিতে ১৪টি ধারা আছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, যাকাত সংগ্রহ কেন্দ্র স্থাপন করা এবং যাকাত দিতে আগ্রহীদের যোগ্য সম্পদ ও প্রত্যয়ন দেয়া হবে। আইনটি পাশ হলে দেশের যাকাত ব্যবস্থাপনায় শৃঙ্খলা আসবে।

এর আগে ১৯৮২ সালের ৫ জুন তৎকালীন প্রেসিডেন্ট এইচএম এরশাদের জারি করা অধ্যাদেশে ‘যাকাত ফান্ড’ গঠন করা হয়। সেটিই এখনো সরকারিভাবে পরিচালিত হয়ে আসছে। এই ফান্ড পরিচালনায় গঠিত বোর্ডে একজন মুসলিম পণ্ডিতসহ ১৩ সদস্য রয়েছেন। এই বোর্ডের সদস্য সচিব ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, তিনি সিদ্ধান্ত বাস্তবায়ন করে থাকেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *