শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় ৭ আসামির জামিন স্থগিত

শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় ৭ আসামির জামিন স্থগিত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ২০০২ সালে সাতক্ষীরায় তৎকালীন বিরোধী দলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা করেছিল দুর্বৃত্তরা। সেই ঘটনায় দায়ের করা মামলায় সাজাপ্রাপ্ত ১৮ আসামির মধ্যে ৭ জনের জামিন স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (২৭ মে) আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর। অপরদিকে আসামিপক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

এর আগে এই মামলায় নিম্ন আদালতে সাজাপ্রাপ্ত ১৮ আসামির মধ্যে ৭ জনকে জামিন দেন হাইকোর্ট। গত ২৫ মে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একইসঙ্গে মামলার অপর ১১ আসামির জামিনের আদেশের জন্য আগামী রবিবার (৩০ মে) দিন ধার্য করেন আদালত।

প্রসঙ্গত, ধর্ষণের শিকার এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরার কলারোয়ায় যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেদিন সড়কযোগে ঢাকায় ফেরার পথে সাতক্ষীরার কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এ সময় শেখ হাসিনাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এমনকি বোমা বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে। পরে একই বছরের ২ সেপ্টেম্বর কলারোয়া থানার মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেমউদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন।

পরে ২০১৫ সালে এ ঘটনায় আদালতে চার্জশিট দেওয়া হয়। এরপর মামলার শুনানি শেষে গত ৪ ফেব্রুয়ারি এ মামলার রায় দেন সাতক্ষীরার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবীর।

আদালতের রায়ে সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব, বিএনপি নেতা আরিফুর রহমান ও রিপনকে ১০ বছরের, কলারোয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবদুল কাদের বাচ্চুকে ৯ বছরের এবং বাকি ৪৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

তবে এই মামলার বাকি ১৬ আসামি— আব্দুল কাদের বাচ্চু, মফিজুল ইসলাম, মো. আলাউদ্দিন, খালেদ মঞ্জুর রোমেল, আরিফুর রহমান, রিপন, ইয়াছিন আলী, রবিউল ইসলাম, মাজাহারুল ইসলাম, আব্দুল খালেক, আব্দুর রব, সঞ্জু, নাজমুল হোসেন, জাবিদ রায়হান লাকী, কনক ও মো. মাহাফুজুর রহমান বর্তমানে পলাতক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *