শেখ হাসিনা— সেরা ৫ নীতিমান নেতার একজন
পাথেয় রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের অন্যতম নীতিমান নেতা। নাইজেরিয়ার প্রভাবশালী সংবাদপত্র দ্য ডেইলি লিডারশিপ বলেছে, বিশ্বের সেরা পাঁচ নীতিমান নেতার মধ্যে একজন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নাইজেরিয়ার বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, নাইজেরিয়ার সবচেয়ে প্রভাবশালী সংবাদপত্র দ্য ডেইলি লিডারশিপ গতকাল মাত্র পাঁচজন বিশ্বনেতাকে নিয়ে ‘ওয়ার্ল্ডস মোস্ট অস্টিয়ার প্রেসিডেন্টস’ শীর্ষক একটি ফিচার প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে শেখ হাসিনার খুব কম বেতন পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
বলা হয়েছে, শেখ হাসিনার মাসিক বেতন ৮০০ মার্কিন ডলারের মতো। একই সঙ্গে প্রতিবেদনে মার্কিন প্রভাবশালী ম্যাগাজিন ফোর্বসের ‘বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী ১০০ নারী’র তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ৫৯তম অবস্থানে আছেন, তাও উল্লেখ করা হয়েছে।
নাইজেরিয়ার সংবাদপত্র দ্য ডেইলি লিডারশিপ জানায়, শেখ হাসিনার সবচেয়ে অসামান্য দুটি অর্জন রয়েছে। একটি হলো শেখ হাসিনার নেতৃত্বের ভূমিকা এবং অন্যটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী ও ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে মানবতাবিরোধী অপরাধকারীদের বিচারের সাফল্য।
এদিকে রোববার গণভবনে দলীয় ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রবাসী বাঙালি ও দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনা বলেন, নতুন বছরের নতুন সূর্য মানুষের জীবনকে সুন্দর করুক, উদ্ভাসিত করুক, সফল করুক-সেটাই আমি কামনা করি।
তিনি আরও বলেন, ‘পুরাতন বছরকে পেছনে ফেলে আমরা নতুন বছরে পদার্পন করছি। সমগ্র বাঙালি জাতিকে এ নববর্ষে আমি শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ।’
নতুন বছর বাঙালি জাতির জন্য নতুন বার্তা বয়ে আনুক, এমন আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপন করব, আমরা আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করব।’
প্রধানমন্ত্রী এ সময় গত নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়যুক্ত করায় দলের সর্বস্তরের নেতাকর্মীসহ সমগ্র দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
তিনি বলেন, ‘বিশেষ করে আওয়ামী লীগ এবং আমাদের সহযোগী সংগঠনের সব নেতাকর্মীকে আমি বিশেষভাবে শুভেচ্ছা জানাই, শুভেচ্ছা জানাই গত নির্বাচনে যারা আওয়ামী লীগকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে জাতির সেবা করার সুযোগ দিয়েছেন তাদেরকেও।’
শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতার নেতৃত্বে আমরা মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছি। আজকে আমাদের লক্ষ্য জাতির পিতার আদর্শ বাস্তবায়নের মধ্যদিয়ে সারা বিশ্বে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলা। আমরা তা করতে পারব।’


