শেরপুরে বৃষ্টির জন্য নামাজ আদায়

শেরপুরে বৃষ্টির জন্য নামাজ আদায়

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শেরপুরের নালিতাবাড়ীতে অনাবৃষ্টি থেকে বাঁচতে বৃষ্টির আশায় একসঙ্গে নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। শনিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার ১ নং পোড়াগাঁও ইউনিয়নের বাতকুচি ঈদগাঁ মাঠে নামাজ আদায় করা হয়।

জানা গেছে, চলতি আমন মৌসুমে প্রায় এক মাস পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় ফসলের মাঠ ফেটে চৌচির হয়ে যায়।এ অবস্থায় কৃষকরা পড়েছেন মহাবিপদে। আমন আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা।

কৃষক রফিকুল ইসলাম বলেন, আমাদের ক্ষেতের ধান পানির অভাবে নষ্ট হয়ে গেছে। তেলের দাম বেশি, তাই সেচ দিয়ে পানি দিতে অনেক খরচ হয়। বৃষ্টি হলে খরচটা কমত। বর্ষাকালের মাঝামাঝিতেও দেখা নেই বৃষ্টির। মাঠ ফেটে চৌচির হয়ে যাচ্ছে। এখন যদি বৃষ্টি না হয় তাহলে আমগো বড় ক্ষতি হইয়া যাবে।

নালিতাবাড়ী পৌরসভার মার্কাজ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি উবায়দুর রহমান বলেন, অনাবৃষ্টির কারণে আজ আমাদের এই এলাকায় একটা বিপদ বয়ে যাচ্ছে। রোদ আর খরার কারণে কৃষকসহ সব স্তরের মানুষের মনে আজ শান্তি নেই। তাই বৃষ্টির জন্য মহান আল্লাহর রহমত কামনায় পোড়াগাঁও ইউনিয়নের ইমাম ও জনগণ শনিবার বিশেষ নামাজের আয়োজন করেছেন।

১ নং পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মাওলানা মো. জামাল উদ্দিন বলেন, বৃষ্টি না হওয়ায় এলাকার মানুষ সেচ দিতে পারছে না। কৃষকের ধান পানির অভাবে নষ্ট হচ্ছে। আমার ইউনিয়নের ইমাম ও মুসল্লিরা নামাজের আয়োজন করেছেন।

প্রসঙ্গত, চলতি রোপা আমন মৌসুমে শেরপুর জেলায় ৯১ হাজার ৪০০ হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। এখনো ২৪ হাজার হেক্টর জমিতে আমন চারা রোপণ করতে পারেনি কৃষক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *