শেষ হলো সংসদের পঞ্চদশ অধিবেশন

শেষ হলো সংসদের পঞ্চদশ অধিবেশন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশন শেষ হয়েছে। রোববার (২৮ নভেম্বর) দুপুরে অধিবেশন সমাপ্তি সম্পর্কে রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনানোর মধ্য দিয়ে অধিবেশনের ইতি টানেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

অধিবেশন সমাপনীর আগে ১৯৭০ সালের নির্বাচনের বিজয়, ৩ জানুয়ারি তৎকালীন রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ভাষণের ভিডিওচিত্র অধিবেশন কক্ষের স্ক্রিনে দেখানো হয়।

এর আগে অধিবেশনে সমাপনী ভাষণ দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

গত ১৪ নভেম্বর শুরু হওয়া অধিবেশন একজন সংসদ সদস্য মারা যাওয়ার কারণে একবার মুলতবি করা হয়।

শেষ হওয়া অধিবেশনের কার্যদিবস ছিল নয়টি। অধিবেশনে ৯টি বিল উত্থাপন হয়েছে, যার সবগুলোই পাস হয়েছে। ৭১ বিধিতে ৪২টি নোটিশ পাওয়া যায়, যার মধ্যে একটিও আলোচনা হয়নি। এগুলোর লিখিত জবাব দেওয়া হবে।

প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য মোট ৪১টি প্রশ্ন এসেছিল। এর মধ্যে তিনি জবাব দেন ১০টির। অন্য মন্ত্রীদের জন্য প্রশ্ন জমা পড়ে ১ হাজার ১২টি। তার মধ্যে ৫৬৬টি উত্তর তারা দিয়েছেন। যেগুলোর উত্তর টেবিলে উপস্থাপিত হয়েছে।

ইউনেস্কো কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি আন্তর্জাতিক পুরস্কার ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ফর দ্য ক্রিয়েটিভ ইকোনোমিকস’ প্রবর্তন করায় সংস্থাটিকে ধন্যবাদ জানিয়ে কার্যপ্রণালী বিধিরি ১৪৭ বিধিতে সাধারণ আলোচনা হয়। এটি জাতীয় সংসদে সর্বসম্মতভাবে গ্রহণ করা হয়। প্রস্তাবটি এনেছিলেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অধিবেশনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে একটি বিশেষ আলোচনার আয়োজন করা হয়। আলোচনার শুরুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বক্তৃতা করেন। এজন্য রাষ্ট্রপতি সংসদের পক্ষ থেকে ধন্যবাদ জানান স্পিকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *