শৈত্যপ্রবাহের প্রকোপেই বৃষ্টির সম্ভাবনা
পাথেয় রিপোর্ট :: এমনিতেই শীতের প্রকোপ। তারপরে আবার বৃষ্টির সম্ভাবনা। এমন ভয়ঙ্কর তথ্যই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী তিনদিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে তেঁতুলিয়ায়, ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ, এ অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ২ ডিগ্রি এবং সর্বোচ্চ ২২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আর রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের পশ্চিমাংশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বলেও জানায় আবহাওয়া অফিস।


