শ্রীলঙ্কাকে ৭০ কোটি ডলার অর্থসাহায্য দেবে বিশ্বব্যাংক

শ্রীলঙ্কাকে ৭০ কোটি ডলার অর্থসাহায্য দেবে বিশ্বব্যাংক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাড়িতে-বাড়িতে আলো জ্বালানোর মতো বিদ্যুৎ নেই শ্রীলঙ্কায়। গৃহস্থের ঘরে রান্না করার গ‌্যাস নেই। টাকা থাকলেও বাজারে মিলছে না পণ‌্য। বড় বাড়ি ও গাড়ির মালিকও খাদ্যের অভাবে একবেলা খেয়ে দিন কাটাচ্ছে। এহেন পরিস্থিতিতে শ্রীলঙ্কাকে ৭০ কোটি মার্কিন ডলার অর্থসাহায্য দিতে চলেছে বিশ্ব ব্যাংক।

স্বাধীনতার পর সবচেয়ে বড় আর্থিক সংকটের মুখোমুখি হয়ে কার্যত দেউলিয়া শ্রীলঙ্কা। পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে জ্বালানি থেকে শুরু করে ওষুধ পর্যন্ত কিছুরই জোগান প্রায় নেই বললেই চলে। বিদেশি মুদ্রাভাণ্ডার শূন্য হয়ে যাওয়ায় আমদানি করা কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তার উপর রয়েছে ঋণের বোঝা। এহেন পরিস্থিতিতে মানবিকতার খাতিরে দ্বীপরাষ্ট্রটির পাশে দাঁড়িয়েছে ভারত।

দীর্ঘ আলোচনার পর এবার কলম্বোকে খানিকটা স্বস্তি দিয়ে অর্থসাহায্যে রাজি হয়েছে বিশ্ব ব্যাংক বলে সূত্রের খবর। শ্রীলঙ্কার সংবাদপত্র ‘কলম্বো গেজেট’ এক প্রতিবেদনে জানিয়েছে, গত সপ্তাহে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী জয় এল পেইরিসের সঙ্গে দেখা করেন বিশ্ব ব্যাংকের কানট্রি ম্যানেজার চিও কান্দা।

বৈঠকে কান্দা জানান, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক ও জাতিসংঘের সঙ্গে মিলিতভাবে শ্রীলঙ্কার পাশে দাঁড়াবে বিশ্ব ব্যাংক। শ্রীলঙ্কাকে ৭০ কোটি মার্কিন ডলার দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।

এদিকে, মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রীর আসন ছাড়লেও শ্রীলঙ্কায় বিক্ষোভ থামছে না। বিশেষ করে রাজপথে নেমে প্রতিবাদ দেখাচ্ছে তরুণ প্রজন্ম। রাজাপাকসে পরিবারের প্রতি ক্ষোভের সেই আঁচ পোহাতে হচ্ছে শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহেকে। তাই পরিস্থিতি কিছুটা সামাল দিতে এবার তরুণপ্রজন্মকে শাসন ব্যবস্থার অংশ হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন তিনি। দেশের প্রেসিডেন্টের ক্ষমতা খর্ব করে সংসদের ক্ষমতা বৃদ্ধি করার প্রস্তাবটি তুলে ধরেন রনিল।

জাতির উদ্দেশে বার্তায় তিনি জানান, আইনপ্রণেতা, বিশেষজ্ঞ ও তরুণপ্রজন্মের প্রতিনিধিদের নিয়ে সংসদীয় কমিটি গড়া হবে। বর্তমান পরিকাঠামো বদলে ফেলতে চাইছে তারা। বর্তমান পরিস্থিতি কী সেটা জানতে চাইছে তারা। তাই সরকারের ১৫টি কমিটির প্রতিটিতে চারজন করে তরুণপ্রজন্মের প্রতিনিধি থাকুক এটা আমি চাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *