পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা করোনা মহামারীর অবস্থা পর্যবেক্ষণ করছি। আমরা কখনো যদি মনে করি সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে তবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে।
শনিবার (২৫ সেপ্টেম্বর) শিল্পকলা একডেমিতে বঙ্গবন্ধু-বাপু এক্সিবিশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, এখন পর্যন্ত কোথাও এমন পরিস্থিতি তৈরি হয়নি। যদি হয় আমরা ব্যবস্থা নেব। কিছু জায়গায় সংক্রমণের ঘটনা ঘটছে। প্রাথমিক স্তরের বিষয়টি দেখভাল করছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আমরা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকেরটা দেখছি।
দীপু মনি বলেন, আমাকে অনেক শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাচ্ছে এই স্কুলে এতজন আক্রান্ত, ওই স্কুলে এতজন অসুস্থ। আমি খোঁজ নিচ্ছি, অনুসন্ধান করছি কিন্তু এমন কিছুই পাচ্ছি না।
তবে আমরা সজাগ দৃষ্টি রাখছি। কোন অভিযোগ পাওয়া মাত্র আমরা সঙ্গে সঙ্গে পর্যবেক্ষণ করছি ও প্রয়োজনে ব্যবস্থা নিচ্ছি।
নভেম্বরে মাসের মাঝামাঝিতে এসএসসি ও ডিসেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে জানিয়ে দীপু মনি বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা যথা সময়ে অনুষ্ঠিত হবে। এজন্য পরীক্ষার্থীদের পড়াশুনার আহ্বান জানান তিনি
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এখন প্রাক-প্রাথমিকে ক্লাসের কোন সুযোগ নেই। টিভি ও অনলাইনে ক্লাস চলছে। বাচ্চারা সেখান থেকেও ক্লাস করতে পারবে।


