সংক্রমণ রোধে পাকিস্তানে মাদরাসা বন্ধ ঘোষণা
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনা সংক্রমণ রোধে দ্বিতীয় বারের মতো স্মার্ট লকডাউন পলিসি গ্রহণ করার পাশাপাশি ২৬ নভেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত পাকিস্তানজুড়ে মাদরাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার।
সোমবার (২৩ নভেম্বর) এক জরুরী বৈঠকে এই সিদ্ধান্ত নেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
বৈশ্বিক মহামারী কোভিড-১৯ ভাইরাসটি আবার ভয়াবহ রূপ ধারণ করতে থাকায় তা থেকে বাঁচতে ও পাকিস্তানের কর্ম পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে ইমরান খান এই জরুরী বৈঠক আয়োজন করেন বলে জানায় সংবাদমাধ্যমগুলো।
বৈঠকে পাকিস্তানের জাতীয় সমন্বয় কমিটি, দেশে করোনার বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করার পর তা ইমরান খানের সামনে তুলে ধরে। করোনা নিয়ে কমিটির পর্যালোচনা ও বিশেষজ্ঞদের মতামত নেওয়ার পর ইমরান খান দ্বিতীয় বারের মতো শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ বন্ধের ঘোষণা দেন।
অপরদিকে পাকিস্তানের শিক্ষামন্ত্রী শাফকাত মাহমুদ জানান, সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণাটি দ্বীনি মাদরাসাগুলোর ক্ষেত্রেও প্রযোজ্য হবে। কেনোনা সেগুলোও শিক্ষাবোর্ডের অন্তর্ভুক্ত। তাছাড়া, ডিসেম্বরে অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা ১৫ জানুয়ারি পর্যন্ত স্থগিত থাকবে তবে এন্ট্রি লেভেলের পরীক্ষাগুলো নিয়মমাফিক অনুষ্ঠিত হবে।
তিনি আরো জানান, যে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে ক্লাস নেওয়ার ব্যবস্থা রয়েছে তারা অনলাইনে এবং যেসকল ভোকেশনাল ইনস্টিটিউটে নিয়মিত ক্লাস হয় না সেগুলো তাদের শিক্ষা-কার্যক্রম চালিয়ে যেতে পারবে।
সূত্র : জিও নিউজ


