সত্য বলার জন্য ক্ষমা চাইব কেন?

সত্য বলার জন্য ক্ষমা চাইব কেন?

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ‘রেপ ইন ইন্ডিয়া’ মন্তব্যের জন্য যে তার ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না, আরেকবার তা জানিয়ে দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। রাহুল স্পষ্টভাবে জানিয়ে দিলেন, সত্য কথাই বলেছি। তাই ক্ষমা চাইবো না।

শনিবার (১৪ ডিসেম্বর) দিল্লির রামলীলা ময়দানে ওই প্রসঙ্গ টেনে রাহুল বলেন, সত্য কথা বলায় গতকাল সংসদে আমাকে ক্ষমা চাইতে বলে বিজেপি। কিন্তু আমার নাম রাহুল সাভারকর নয়। আমি রাহুল গান্ধী। আর সত্য কথা বলার জন্য আমি তো নয়ই, কংগ্রেসের কোনো কর্মীই কখনো ক্ষমা চাইবেন না।

গত কয়েক মাসে হায়দরাবাদ ও উন্নাওসহ একাধিক জায়গায় ধর্ষণ এবং নারী নির্যাতনের ঘটনা নিয়ে দিন দুয়েক আগে মোদি সরকারের তীব্র সমালোচনা করেন রাহুল। ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে গিয়ে রাহুল বলেছেন, নরেন্দ্র মোদি ‘মেক ইন ইন্ডিয়া’র কথা বলেন। কাগজ খুললেই রাজ্যে রাজ্যে ‘মেক ইন ইন্ডিয়া’ দেখবেন ভেবেছিলেন সকলে। কিন্তু তার পরিবর্তে আজকাল শুধুই ‘রেপ ইন ইন্ডিয়া’র খবর দেখা যায়।

রাহুলের ওই মন্তব্যের প্রতিবাদেই শুক্রবার সংসদে সরব হন স্মৃতি ইরানি, লকেট চ্যাটার্জিসহ বিজেপির সাংসদরা। ‘রাহুলকে ক্ষমা চাইতে হবে’, দাবি তোলেন তারা। এমনকি, তার সাংসদ-পদ কেড়ে নেওয়ার দাবিও ওঠে। তবে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না বলে সংসদেই জানিয়ে দেন রাহুল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *