পাথেয় টোয়েন্টিফোর ডটকম : এক জনসমাবেশে বর্তমান সরকারের কর্মকর্তাদের সমালোচনা করেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এরপরই সরকারি কর্মকর্তা ও একজন বিচারককে হুমকি দেওয়ার অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাস-দমন আইনে পুলিশ বাদী হয়ে মামলা করে।
সেই মামলায় বৃহস্পতিবার (২৫ আগস্ট) জামিন পেয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম দা গার্ডিয়ান এক প্রতিবেদনে জানায়, এই জামিনের ফলে চলতি মাসের শেষ পর্যন্ত পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারবে না। আদালতের রায়ের আগে পুলিশ ও খান সমর্থকদের মধ্যে সহিংস সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছিল।
ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইমরান খান আগাম নির্বাচনের দাবিতে গণসমাবেশ কর্মসূচি আয়োজন করে আসছেন।
সরকার বলছে, নির্ধারিত সময় অনুসারে আগামী বছর নির্বাচন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার আদালতের বাইরে ইমরান খান সাংবাদিকদের বলেছেন, তিনি কখনো কাউকে হুমকি দেননি। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং শাহবাজ শরিফের সরকার তার জনপ্রিয়তা বাড়াতে ভীত।
এর আগে সন্ত্রাসবাদ মামলায় ইমরান খানের আইনজীবী বাবর আওয়ান আদালতে জামিনের আবেদন করেন। আদালতের হাজির হওয়ার পর সাধারণ অভিযুক্তের মতো তাকে হাঁটতে বলা হয়।
এ সময় আদালতের বাইরে খান সমর্থকরা জড়ো হয়ে সরকারের বিরুদ্ধে স্লোগান দেন।


